“৫ বছরের মধ্যে মানবজাতি ধংস করবে AI?”- গুগল সেফটি গবেষক করলেন পদত্যাগ

বর্তমানে সমস্ত বিভাগেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর জয়জয়কার। তবে এই প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির সঙ্গেই ঘনীভূত হচ্ছে মানব সভ্যতার ধ্বংসের আশঙ্কা। কৃত্রিম বুদ্ধিমত্তা যত শক্তিশালী ও স্বাবলম্বী হয়ে উঠছে, AI বিশেষজ্ঞদের ঘুম ততটাই হারাম হচ্ছে। ভবিষ্যতের এই সম্ভাব্য ঘোর সংকট ও ভয়াবহ পরিণতির পূর্বাভাস দিয়ে এবার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা ‘গুগল দীপমাইন্ড’ (Google DeepMind)-এর সেফটি গবেষকের পদ থেকে ইস্তফা দিলেন বিলাল চুঘতাই।
গুগল ছাড়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (টুইটার) এক বিস্ফোরক পোস্টে নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন এই নিরাপত্তা গবেষক। বিলাল চুঘতাইয়ের মূল কাজ ছিল AI মডেলগুলি যাতে মানবজাতির স্বার্থে এবং নিরাপদ সীমানার মধ্যে থেকে কাজ করে, তা সুনিশ্চিত করা।
নিজের পোস্টে আশঙ্কা প্রকাশ করে তিনি লিখেছেন, “গুগলে আমি খুব কাছ থেকে AI-এর বিকাশ দেখেছি। এই প্রযুক্তির অনিয়ন্ত্রিত গতিপথ নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে আমাদের সবাইকে মেরে ফেলার ক্ষমতা রয়েছে। আর এই বিপর্যয় এড়ানোর জন্য মানবজাতির হাতে সময় দ্রুত ফুরিয়ে আসছে।”
আশঙ্কার পারদ চড়িয়ে একযোগে একাধিক পদত্যাগ:
কেবল বিলাল চুঘতাই-ই নন, গুগল দীপমাইন্ড-এর AGI সেফটি টিমের অপর গুরুত্বপূর্ণ সদস্য যশ এঙ্গেলসও পদত্যাগ করেছেন। ভবিষ্যৎ AI-এর সম্ভাব্য ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এঙ্গেলস লেখেন, “আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম যে ধ্বংসাত্মক ক্ষতি সাধন করতে পারে, তার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ঝুঁকি ঠিক কতটা তা নির্ভুলভাবে বলা কঠিন হলেও, এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জীবনঘাতী সমস্যা হয়ে দাঁড়িয়েছে।” উল্লেখ্য, পদত্যাগের পর এঙ্গেলস ‘Model Evaluation and Threat Research’ (METR) নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন, যা অত্যাধুনিক AI মডেলগুলির ঝুঁকি পর্যালোচনা করে।
মাত্র চার বছরে অবিশ্বাস্য রূপান্তর:
বিলাল চুঘতাইয়ের মতে, গত চার বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটেছে জ্যামিতিক হারে। তিনি জানান, ২০২২ সালের শুরুতে যখন তিনি কাজ শুরু করেছিলেন, তখন AI-কে একটি আকর্ষণীয় কিন্তু প্রায় অকেজো প্রযুক্তি বলে মনে হতো। তবে চার বছরের মধ্যেই দৃশ্যপট পুরোপুরি বদলে গিয়েছে। বর্তমানে OpenAI-এর মতো সিস্টেম একশো বছরের পুরোনো জটিল গাণিতিক ধাঁধার সমাধান যেমন এক নিমেষে করছে, তেমনই আরও উদ্বেগের বিষয় হলো এই প্রযুক্তি এখন নিয়ন্ত্রক সংস্থার হাত ছাড়িয়ে যাচ্ছে।
সম্প্রতি একটি ঘটনা উল্লেখ করে চুঘতাই জানান, OpenAI-এর একটি AI সিস্টেম অটোনোমাস বা স্বয়ংক্রিয়ভাবে থার্ড-পার্টি প্ল্যাটফর্ম ‘Hugging Face’-এর সিস্টেম হ্যাক করার চেষ্টা চালিয়েছে।
তাঁর মতে, আগামী দিনগুলিতে পরিস্থিতির আরও অবনতি হবে। খুব শীঘ্রই বিভিন্ন টেক-সংস্থা এমন ‘সুপার-ইন্টেলিজেন্ট’ AI তৈরি করে ফেলবে, যা প্রতিটি ক্ষেত্রে মানুষের মেধা ও ক্ষমতাকে ছাপিয়ে যাবে। এই অচলাবস্থা কাটানো ও মানব সভ্যতাকে রক্ষার জন্য দ্রুত AI ‘Alignment’ ও সঠিক ট্র্যাকিং নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রাক্তন এই গুগল গবেষক।