মা হওয়ার পর প্রথমবার পর্দায়! ওটিটিতে বিস্ফোরক কামব্যাক পরিণীতির, গল্পে চমক কী?

মাতৃত্ব যাপনের মিষ্টি মুহূর্তগুলির মাঝেই ক্যামেরার সামনে ফেরার চমকপ্রদ সিদ্ধান্ত পরিণীতি চোপড়ার। তবে এবার আর প্রেক্ষাগৃহ বা বড় পর্দা নয়, নেটফ্লিক্সের হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে কামব্যাক করছেন তিনি। ছবির নাম ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ (Shaque: Trust No One)।

এটি মূলত একটি সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার সিরিজ। যেখানে পরিণীতিকে দেখা যাবে একজন অসহায় অথচ দৃঢ়চেতা মায়ের চরিত্রে, যিনি গত নয় বছর ধরে নিখোঁজ থাকা নিজের সন্তানকে খুঁজে বের করতে মরিয়া। বাস্তব জীবনে তিনি সদ্য মা হলেও, মজার বিষয় হলো এই সিরিজের শুটিং তিনি করেছিলেন মা হওয়ার ঠিক আগেই।

বাস্তবে মাতৃত্বকে আলিঙ্গন করার পর পর্দায় একজন মায়ের চরিত্র ফুটিয়ে তোলার অভিজ্ঞতা কেমন ছিল? এক একান্ত সাক্ষাৎকারে খোলামেলা আড্ডায় পরিণীতি জানান, “প্রথমেই বলে রাখা ভালো, সিরিজের শুটিংয়ের সময় আমার বাস্তব জীবনে মা হওয়ার মতো কোনো অভিজ্ঞতা ছিল না। তাই নিজের কোনো ব্যক্তিগত অনুভূতির প্রতিফলন আমি চরিত্রে ঘটাতে পারিনি।”

তাহলে এই কঠিন আবেগকে কীভাবে ক্যামেরার সামনে ফুটিয়ে তুললেন তিনি? পরিণীতির স্পষ্ট উত্তর, “আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তিশালী স্ক্রিপ্ট। চিত্রনাট্যের প্রতিটি ছত্রে চরিত্রটির মনের অস্থিরতা, আবেগ আর পরিস্থিতির বিবরণ এত সুন্দরভাবে লেখা ছিল যে বাড়তি কোনো অভিজ্ঞতার দরকার পড়েনি। তার ওপর পরিচালক রেনসিল স্যার অত্যন্ত সংবেদনশীল মানুষ। তিনি প্রতিটি দৃশ্যের গভীরতা নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছেন।”

অভিনেত্রীর সহজ সমীকরণ, “আপনার হাতে যদি দুর্দান্ত চিত্রনাট্য থাকে আর আপনি যদি নিজের কাজের প্রতি সৎ থাকেন, তবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে।” আপাতত নতুন জীবনে পারিবারিক সামঞ্জস্য বজায় রেখে ক্যারিয়ারের এই নতুন অধ্যায় উপভোগ করতে প্রস্তুত পরিণীতি।