লাল পাঞ্জাবিতে জমল আড্ডা, ঝালমুড়ি ভাগ করে খেয়ে সব দূরত্ব ঘুচিয়ে দিলেন দেব-জিৎ?

টলিপাড়ার চিরকালীন দুই সুপারস্টার দেব এবং জিতের ঠান্ডা লড়াইয়ের গুঞ্জন একসময় সরগরম রেখেছিল ইন্ডাস্ট্রি। নানা সময়ে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা কিংবা মুখ দেখাদেখি বন্ধ থাকার মতো বহু গুঞ্জনই বাতাসে ভেসেছে। তবে সব জল্পনায় জল ঢেলে এবার এক সম্পূর্ণ নতুন সমীকরণের সাক্ষী থাকল বাংলা বিনোদন দুনিয়া। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের সমাপনী অনুষ্ঠানে একে অপরের সঙ্গে ঝালমুড়ি ভাগ করে খাওয়ার সেই মিষ্টি মুহূর্ত নিমেষেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

রাজ্য সরকারের উদ্যোগে চার দিন ধরে আয়োজিত এই বিশেষ উৎসবের শেষ দিনে হাজির ছিলেন টলিউডের প্রায় সব তারকাই। টানা মহড়া ও অনুষ্ঠানের ব্যস্ততার ফাঁকেই জিৎ এক ঠোঙা ঝালমুড়ি এনে বাড়িয়ে দেন দেবের দিকে। দ্বিধা না করে সেই ঠোঙা থেকেই একমুঠো মুড়ি তুলে মুখে দেন দেব। কিছুদিন আগেও যে দুই তারকার মধ্যে কথা পর্যন্ত বন্ধ থাকার খবর শোনা যেত, তাঁদের এমন হৃদ্যতাপূর্ণ মেজাজ দেখে তাজ্জব ভক্তরা। শুধু তাই নয়, এ দিন দুজনেই পরেছিলেন রঙের মিল থাকা পোশাক। দেবের পরনে ছিল লাল পাঞ্জাবি ও সাদা ধুতি, আর জিতের গায়েও ছিল লাল কুর্তা ও সাদা পাজামা। এক ফ্রেমে তাঁদের এই সাবলীল উপস্থিতি নজর কেড়েছে সকলের।

 

View this post on Instagram

 

A post shared by Tollywood Paparazzi (@tollywoodpaparazzi)

গত কয়েক দিনে এই সম্পর্কের বরফ গলতে শুরু করার আরও কিছু ইঙ্গিত মিলেছে। এর আগে জিতের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থেকে তাঁর পাশেই বসে ছবি দেখেছেন দেব। এমনকি দেবের কিছু অতিউৎসাহী অনুরাগী যখন সোশ্যাল মিডিয়ায় জিৎকে কটাক্ষ করে পোস্ট করছিলেন, তখন নিজেই সেই ট্রোলের প্রতিবাদ করেন দেব। জিৎকে নিজের বড় দাদার মতো সম্মান করার কথাও একাধিকবার খোলাখুলি স্বীকার করেছেন তিনি। ‘দুই পৃথিবী’ ছবির বহু বছর পর বড় পর্দায় এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে কিনা, এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন বাংলা সিনেমার দর্শকরা।