“স্টল বন্টনে আমূল পরিবর্তন!”-৫০তম কলকাতা বইমেলা নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট

বাঙালির প্রাণের উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলার ঢাকে কাঠি পড়ে গেল। অর্ডশতাব্দী পূর্তি অর্থাৎ ৫০তম পদার্পণ উপলক্ষে আগামী ২০২৭ সালের বইমেলায় আসছে একাধিক যুগান্তকারী বদল। সোমবার আনুষ্ঠানিকভাবে আগামী বছরের বইমেলার রূপরেখা ঘোষণা করেছেন আয়োজকরা।
আগামী বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে চলেছে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সুবর্ণ জয়ন্তী বর্ষের এই মেলায় কেন্দ্রীয় থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তিটিকে। বইমেলা উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি জানিয়েছেন, স্বাধীনতা আন্দোলন, জাতীয়তাবাদ এবং ভারতের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই ঐতিহাসিক অধ্যায়টিকে আগামী মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এর পাশাপাশি মেলায় বিশেষ মাত্রা যোগ করতে পারে আরও বেশ কিছু বিষয়। বাংলার ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি দেশভাগের ইতিহাস এবং পশ্চিমবঙ্গ গঠনের পরিস্থিতি তুলে ধরার কথাও ভাবছে কমিটি। এছাড়া কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ‘রক্তকরবী’-র ১০০ বছর পূর্তিকেও এই আয়োজনের সঙ্গে যুক্ত করা হতে পারে। এমনকি আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিকভাব ইজরায়েলকে থিম কান্ট্রি হিসেবে ভাবা হলেও, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উপদেষ্টা কমিটিই।
বইমেলার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকতা আনতে এবার স্টল বন্টন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হচ্ছে। বিশ্বের বিভিন্ন বড় আন্তর্জাতিক বইমেলায় ব্যবহৃত ব্যবস্থার আদলে সম্পূর্ণ কম্পিউটারাইজড বা অটোমেটিক পদ্ধতিতে স্টল বন্টন করা হতে পারে বলে জানিয়েছে কমিটি।
অন্যদিকে, বইপ্রেমী বাঙালিদের অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু বাংলাদেশের স্টল থাকা নিয়েও মুখ খুলেছেন আয়োজকরা। রাজনৈতিক পরিস্থিতির কারণে বিগত ২০২৫ ও ২০২৬ সালের বইমেলায় বাংলাদেশের কোনো স্টল না থাকলেও, আসন্ন মেলায় তা থাকবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রকের সবুজ সংকেতের ওপর। অর্ধশতবর্ষের এই মেলা ঘিরে এখন থেকেই বইপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।