টাকা না পেলে কোথায় অভিযোগ জানাবেন? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকারের বড় ঘোষণা

বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি মতো চালু করেছে জনপ্রিয় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দেড় কোটির বেশি মহিলা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন। তবে প্রতি মাসেই টাকা ঢোকার নির্দিষ্ট কোনো দিন না থাকায় চলতি সেপ্টেম্বর মাসে কবে এই অর্থ অ্যাকাউন্টে আসবে, তা নিয়ে সাধারণ নারীদের মধ্যে কৌতূহল তুঙ্গে ছিল। অবশেষে সেই দিনক্ষণ স্পষ্ট করল রাজ্য সরকার।

অন্নপূর্ণা যোজনা চালুর পর থেকেই ভাতার টাকা ক্রেডিট হওয়ার নির্দিষ্ট কোনো তারিখ বা নিয়ম ছিল না। মূলত আবেদনকারীদের তথ্য যাচাই পর্বের দীর্ঘ প্রক্রিয়ার কারণে বিভিন্ন সময়ে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। তবে এবার সেপ্টেম্বর মাসের পেমেন্ট নিয়ে বড় ঘোষণা সামনে এল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর সেই বিশেষ দিনেই রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের ৩ হাজার টাকা সরাসরি ট্রান্সফার করা হবে। তিনি জানান, ইতিমধ্যেই অগাস্ট মাসে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আগামী ১৭ সেপ্টেম্বর গোটা রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালিত হবে এবং সেই উপলক্ষেই একাধিক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।

যাঁরা সমস্ত শর্ত পূরণ করা সত্ত্বেও এখনও টাকা পাননি, তাঁদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের প্রতিটি যোগ্য মহিলা যাতে সময়মতো এই আর্থিক সহায়তা পান, তা নিশ্চিত করবে প্রশাসন।

যদি কোনো যোগ্য উপভোক্তা ১৭ সেপ্টেম্বরের পরেও অ্যাকাউন্টে টাকা না পান, তবে তাঁরা সরাসরি সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন। এর জন্য রাজ্য সরকারের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে— ৮২৮২০৮২৮২০। সপ্তাহের কাজের দিনগুলিতে অর্থাৎ সোমবার থেকে শনিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নম্বরে ফোন করে সমস্যার কথা জানানো যাবে। এ ছাড়া সরাসরি ইমেল করেও অভিযোগ জানানো সম্ভব। সমস্যার দ্রুত সমাধানের জন্য asap@wb.gov.in ঠিকানায় মেল পাঠানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।