এক দেশেই একসঙ্গে জেগে উঠল ৬টি আগ্নেয়গিরি! ইন্দোনেশিয়ায় প্রকৃতির ভয়াবহ রূদ্ররূপে চরম আতঙ্ক!

প্রকৃতির এক চরম ও ভয়াবহ রূপ দেখল বিশ্ব। একসঙ্গে অস্বাভাবিকভাবে জেগে উঠেছে ইন্দোনেশিয়ার ছ’টি সক্রিয় আগ্নেয়গিরি। বিজ্ঞানীরা একে অত্যন্ত বিরল এবং বিপজ্জনক ঘটনা হিসেবে অভিহিত করেছেন। প্রায় একই সময়ের কাছাকাছি ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রান্তের এই ভলকানোগুলিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটায় বিশ্বজুড়ে পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কোন কোন আগ্নেয়গিরিগুলিতে উদগিরণ?

প্রশাসন সূত্রে জানা গেছে, যে ছ’টি আগ্নেয়গিরিতে একসঙ্গে অগ্ন্যুৎপাত হয়েছে সেগুলি হলো—

  • ইলি লেওটোলোক (Lewotolok)

  • আনাক ক্রাকাতাউ (Anak Krakatau)

  • মাউন্ট ইবু (Ibu)

  • মাউন্ট সেমেরু (Semeru)

  • লেওটোবি লাকি-লাকি (Lewotobi Laki-laki)

  • মাউন্ট সিনাবুং (Sinabung)

এগুলির মধ্যে বেশ কয়েকটি আগ্নেয়গিরি থেকে ইতিমধ্যেই বিপুল পরিমাণে ছাই, ধোঁয়া এবং লাভা উদ্গীরণ শুরু হয়েছে, যা আকাশ ঢেকে ফেলেছে।

প্রশাসনের কড়া পদক্ষেপ ও সতর্কতা

একাধিক আগ্নেয়গিরি একসঙ্গে সক্রিয় হয়ে ওঠায় ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সংলগ্ন এলাকার সাধারণ মানুষকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই তাণ্ডব চলতে থাকলে আশেপাশের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হতে পারে এবং বিমান চলাচলেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। প্রকৃতির এই অস্বাভাবিক ও ধ্বংসাত্মক তাণ্ডবে এখন গোটা পৃথিবীর নজর ইন্দোনেশিয়ার দিকে।