“১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি”-দিল্লি কাঁপানো মেসবাড়ি ধসে হাইকোর্টে কেস!

দিল্লির সত্য নিকেতন এলাকায় পাঁচতলা মেসবাড়ি ভেঙে পড়ে সাত জনের মৃত্যুর ঘটনায় এ বার আরও কঠোর পদক্ষেপ করল প্রশাসন। ঘটনার পর থেকেই পলাতক থাকা বাড়ির মালিক হরিরামের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করেছে দিল্লি পুলিশ। যাতে তিনি দেশ ছেড়ে পালাতে না পারেন, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। একই সঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনার দায় ও প্রশাসনিক গাফিলতি নিয়ে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে জরুরি শুনানির আবেদন জমা পড়েছে, যেখানে মৃতদের পরিবারের জন্য অন্তত এক কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।
রবিবার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির চাণক্যপুরীর কাছে সত্য নিকেতনে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ‘Hostel Daze’ নামের ওই বহুতলটি। ওই ভবনে ছাত্রাবাস বা পিজি (PG) চলত। দুর্ঘটনার সময় ভেতরে বহু পড়ুয়া ও শ্রমিক আটকে পড়েন। ঘটনাস্থলে দিল্লি পুলিশ, এনডিআরএফ এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে রাতভর উদ্ধারকাজ চলে। স্থানীয় বিধায়ক অনিল কুমার শর্মা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৭ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।
ধংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং সন্ধ্যার মধ্যেই উদ্ধার অভিযান শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, জরাজীর্ণ ওই ভবনের বেসমেন্টে নিয়মবহির্ভূতভাবে নির্মাণকাজ চলার কারণেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। ঘটনার জেরে আশপাশের অন্য একটি বিপজ্জনক ভবনকেও খালি করে দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে দিল্লি পুরসভা।