আধার-ভোটার কার্ড থাকলেই কেল্লাফতে! কোন যোগ্যতায় মিলবে ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা? রইল নিয়ম

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই স্বাস্থ্য পরিষেবায় বড়সড় বদল এসেছে। কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ এবং রাজ্য সরকারের নতুন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে। নির্দিষ্ট শ্রেণির রেশন কার্ড না থাকায় বহু মানুষ যেমন আয়ুষ্মান ভারতের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তেমনই তাঁদের কথা মাথায় রেখেই আনা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এই স্কিমের আওতায় বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ মিলছে। কলকাতা সহ দেশের যেকোনো শীর্ষস্থানীয় বেসরকারি ও সরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা, এই স্কিমে পরিবারের সদস্য সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা নেই এবং আগে থেকে থাকা রোগ বা ‘প্রি-এক্সিস্টিং ডিজিজ’-এর চিকিৎসাও এর অন্তর্ভুক্ত।
তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট মাপকাঠি বা শর্ত পূরণ করা বাধ্যতামূলক। সমস্ত নাগরিক এই কার্ডের আওতাভুক্ত নন। কোন কোন ব্যক্তি বা পরিবার এই বিমার সুবিধা পাবেন না, তার একটি স্পষ্ট তালিকা প্রকাশ করা হয়েছে:
পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি হলে এই কার্ড মিলবে না।
রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্থায়ী কর্মী কিংবা সরকার পোষিত সংস্থার কর্মচারীরা এর যোগ্য নন।
যাঁরা নিয়মিত সরকারি মেডিক্যাল অ্যালাওয়েন্স পান।
যে ব্যক্তিরা ইতিমধ্যেই কোনো গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্সের বা পলিসির অধীনে রয়েছেন।
এসআইআর (SIR)-এর তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিরা (তবে ট্রাইব্যুনালে আবেদনকারীরা বিচার্য)।
আবেদনকারীর বয়স ৭০ বছর বা তার বেশি হলে তিনি এই প্রকল্পের বাইরে থাকবেন, কারণ তাঁরা সরাসরি আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত।
কীভাবে আবেদন করবেন? যাঁরা সমস্ত শর্ত পূরণ করছেন এবং এই প্রকল্পের যোগ্য, তাঁরা খুব সহজেই আবেদন করতে পারবেন। এর জন্য মূলত আধার কার্ড, ভোটার কার্ড, ভোটারের রোল-পার্ট (Roll-Part) এবং একটি বৈধ মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে। এই সামান্য নথিপত্রগুলি থাকলেই মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার কার্ড।