পর্দায় শুধু সাহসী চরিত্রেই কেন টাইপকাস্ট করা হয়? টলিউড নিয়ে চরম ক্ষোভ উগরে দিলেন অনিন্দিতা বসু!

সম্পর্ক এবং কেরিয়ারের টানাপোড়েন— সবকিছুর মাঝেই যেন আষ্টেপস্টে জড়িয়ে থাকে এক অদ্ভুত রহস্য। আসছে নতুন সিনেমা ‘ঘুণ গাঁও’, যেখানে তাঁর অভিনীত চরিত্রের রয়েছে নানা স্তর। আর আশ্চর্যের বিষয় হলো, বাস্তব জীবনের সঙ্গেও যেন এই চরিত্রের রয়েছে অদ্ভুত এক মিল। সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে শুটিংয়ের ফাঁকে পপকর্ণের বাটি হাতে নিয়ে নিজের ফিটনেস রুটিন থেকে শুরু করে নতুন সিনেমা এবং ব্যক্তিগত জীবনের পছন্দ-অপছন্দ নিয়ে অকপটে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা বসু।
‘ঘুণ গাঁও’ সিনেমার নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে অনিন্দিতা জানান যে এই ছবিতে তাঁর অভিনীত সানায়া চরিত্রটি অত্যন্ত সাহসী ও নির্ভীক। তবে বাস্তব জীবন বা কর্মক্ষেত্রে তিনি নিজে ঠিক কিসে ভয় পান? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, ‘‘আমি প্রতিদিন খুশি থাকতে ভালোবাসি। যদি কোনোদিন মনে হয় কিছুতেই খুশি হতে পারছি না, তবে আমার ভীষণ অস্বস্তি ও ভয় হয়। তবে কর্মক্ষেত্রে আমার কোনো ভয় নেই, কারণ আমি আমার কাজকে অসম্ভব ভালোবাসি।’’ সিনেমার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের মিল রয়েছে কি না, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সানায়া ও অনিন্দিতা অনেকটাই এক, তবে ছবিটা বেছে নেওয়ার আসল কারণ এর দারুণ চিত্রনাট্য। এটি একটি থ্রিলার হলেও একে কোন জনরায় ফেলা উচিত, তা দর্শকই বিচার করবেন।’’
টলিউডে দীর্ঘ ১৮ বছর কাজ করার পর নিজের কেরিয়ার ও টাইপকাস্ট হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে অনিন্দিতা বলেন, ‘‘দর্শকরা আমাকে আত্মবিশ্বাসী, সাহসী ও শক্তিশালী চরিত্রের জন্যই বেশি চেনেন। কিন্তু আমি এবার ছক ভেঙে কলকাতার একটি সাধারণ বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করতে চাই। হিন্দি সিনেমার ‘এবিসিডি’র মতো নৃত্যভিত্তিক কোনো ছবি হলে সেখানেও নিজের নাচ ও অভিনয়ের প্রতিভা দেখাতে প্রস্তুত। ইন্ডাস্ট্রি যদি আমার ওপর একটু ভরসা রাখে, তবে আমি যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করতে রাজি আছি।’’ পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরে তিনি জানান যে কেরিয়ারের প্রতিটি পদক্ষেপে তিনি সবসময় পরিবারের ও প্রিয়জনদের নিঃশর্ত সমর্থন পেয়ে এসেছেন, যা তাঁকে আজ এই জায়গায় পৌঁছাতে সবচেয়ে বেশি সাহায্য করেছে।