“পার্ক স্ট্রিট থেকে দিল্লি!”-আর্থিক তছরুপের অভিযোগে TMC সাংসদের বাড়িতে ED-র তল্লাশি

সপ্তাহের শুরুতে সোমবার সকালে বড়সড় ধাক্কা খেল রাজ্যের বিরোধীদল তৃণমূল কংগ্রেস। আর্থিক লেনদেন সংক্রান্ত একটি পুরোনো অভিযোগের ভিত্তিতে এবার দলীয় রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সকাল ছ’টা থেকে কলকাতা, দিল্লি এবং রাঁচিতে নাদিমুলের বাড়ি ও দপ্তরে শুরু হয়েছে ম্যারাথন তল্লাশি অভিযান। সঙ্গে রয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় জওয়ান।
ইডি সূত্রে জানা গিয়েছে, গত অগস্ট মাসে বিধাননগর উত্তর থানায় দায়ের হওয়া একটি এফআইআর (FIR)-এর ভিত্তিতে তদন্ত শুরু করে আর্থিক তদম্তকারী এই কেন্দ্রীয় সংস্থা। ওই মামলাতেই একটি নতুন ইসিআইআর (ECIR) নথিভুক্ত করার পর তদন্তের প্রাথমিক পর্যায়ে নাদিমুল হকের বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক ও বেআইনি আর্থিক লেনদেনের হদিশ পান তদন্তকারীরা।
এদিন কলকাতার পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোড এলাকায় নাদিমুলের একটি উর্দু দৈনিক সংবাদপত্রের অফিসে হানা দেয় ইডির একটি দল। পুরো অফিস চত্বরটি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এই সংবাদপত্রের মাধ্যমেই কোটি কোটি টাকার আর্থিক লেনদেন চলত বলে অনুমান করছেন আধিকারিকরা। এর পাশাপাশি নাদিমুলের জামাইয়ের ঠিকানাতেও তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে, ইডি আধিকারিকরা হানা দিয়েছেন খাস দিল্লিতেও। সাউথ অ্যাভিনিউয়ের ৬১ নম্বর বাংলোয় সকাল থেকেই পৌঁছন তদন্তকারীরা। এই বাড়িটি সাংসদ নাদিমুল হকের নামে বরাদ্দ থাকলেও আদতে এটি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। তবে সকালে ইডি অফিসাররা সেখানে পৌঁছানোর পর দেখতে পান বাড়ির মূল গেটে তালা ঝুলছে এবং ভিতরে কোনো কর্মী উপস্থিত নেই। ফলে ভেতরে প্রবেশের জন্য দলের কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা। সব মিলিয়ে এই আকস্মিক পদক্ষেপে রাজনৈতিক মহলে চরম শোরগোল শুরু হয়েছে।