পরীক্ষার মাঝেই বারবার কম্পিউটার বন্ধ! জয়পুরে বিদ্যুৎ বিভ্রাটে পণ্ড NEET-PG পরীক্ষা, বড় ঘোষণা বোর্ডের

রবিবার জয়পুরের দুটি কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট এবং মারাত্মক প্রযুক্তিগত ত্রুটির কারণে থমকে গেল NEET-PG ২০২৬ পরীক্ষা। পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতিবাদের মুখে অবশেষে আসরে নামে পরীক্ষা পরিচালনাকারী সংস্থা NBEMS। বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর পুনরায় ওই পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার আয়োজন করা হবে।
ঠিক কী ঘটেছিল জয়পুরে?
ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস (NBEMS)-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাকি প্রান্তে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেও জয়পুরের সীতাপুরায় অবস্থিত দুটি ‘আয়ন ডিজিটাল জোন’ (iON Digital Zone)-এ অভ্যন্তরীণ বিদ্যুৎ বিভ্রাটের জেরে পরীক্ষা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত কেন্দ্র দুটি হলো— আয়ন ডিজিটাল জোন iDZ সীতাপুরা (টিসি নম্বর ৪১৬৮২ এবং ৪১৬৮৩)।
পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, পরীক্ষার সময় তাঁদের কম্পিউটার সিস্টেম একে একে ৬ থেকে ৭ বার বন্ধ হয়ে যায়। স্ক্রিন রিবুট হওয়ার পর দেখা যায় মাত্র কয়েকটি প্রশ্ন ভেসে উঠেছে এবং তারপর ফের সিস্টেম ক্র্যাশ করেছে। বারবার এই প্রযুক্তিগত গোলমালে ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। কেন্দ্র চত্বরে শুরু হয় তীব্র বিক্ষোভ। পরীক্ষার্থীদের অভিযোগ, এই ত্রুটি সম্পর্কে কেন্দ্রের কর্মীরা কোনো সদুত্তর দিতে পারেননি।
বড় পদক্ষেপ বোর্ডের
পুরো ঘটনার জন্য পরীক্ষা পরিচালনাকারী সংস্থার প্রযুক্তিগত সহযোগী প্রতিষ্ঠান ‘টিসিএস লিমিটেড’ (TCS Ltd)-কে দায়ী করেছে NBEMS। অপর্যাপ্ত পরিকাঠামোর জেরে ঘটে যাওয়া এই বিপত্তির বিষয়ে কড়া পদক্ষেপ নিতে একটি জরুরি বৈঠকও ডেকেছে বোর্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র যে পরীক্ষার্থীরা সেদিন পরীক্ষা দিতে পারেননি, আগামী ৫ সেপ্টেম্বর বিকেল তিনটে থেকে জয়পুরেই তাঁদের পরীক্ষা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের অসুবিধার জন্য বোর্ড দুঃখপ্রকাশ করেছে এবং খুব শীঘ্রই সংশোধিত অ্যাডমিট কার্ড ও কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।