ব্রাজিল ম্যাচ থেকে বকেয়া ভাতা—ফেডারেশনকে কড়া প্রশ্ন বাইচুংয়ের, ভারতীয় ফুটবলে চরম শোরগোল

র্থিক অনিয়মের অভিযোগ তুললেন দেশের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঠিক আগে ফেডারেশনকে পাঠানো তাঁর একটি ই-মেলকে কেন্দ্র করে ভারতীয় ফুটবল মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে দেওয়া অগ্রিম অর্থ, ফিফার টিকিটের স্বচ্ছতা এবং জাতীয় মহিলা দলের বকেয়া দৈনিক ভাতা মেটানো না হওয়ার মতো একাধিক স্পর্শকাতর বিষয় তুলে ধরেছেন বাইচুং। ফেডারেশনের শেষ এক্সিকিউটিভ সভার প্রসঙ্গ টেনে তিনি জানতে চেয়েছেন, ব্রাজিল কনফেডারেশনকে যে অগ্রিম টাকা দেওয়া হয়েছে তা কি ফেডারেশনের তহবিল থেকেই গেছে? যদি তাই হয়, তবে সেই টাকার পরিমাণ কত এবং কে বা কারা তা ফেরত দেবে?

পাশাপাশি, ফিফা থেকে পাওয়া কমপ্লিমেন্টারি টিকিট এবং ফেডারেশনের নিজের কেনা টিকিটের সম্পূর্ণ তালিকা অবিলম্বে প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে মহিলা ফুটবলারদের বকেয়া ভাতা নিয়ে। একদিকে হাই-প্রোফাইল ম্যাচের জন্য বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, আর অন্যদিকে দেশের মহিলা ফুটবলাররা তাঁদের প্রাপ্য দৈনিক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন কেন—এই প্রশ্ন তুলে ফেডারেশনকে এক হাত নিয়েছেন পাহাড়ি বিছে। এই বিস্ফোরক ই-মেলের জেরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরে অস্বস্তি চরম আকার ধারণ করেছে।