সজ্জন কুমারের বাড়ি গিয়ে সমবেদনা! বড় শাস্তির মুখে বিজেপির তিন তারকা সাংসদ

প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের বাড়িতে গিয়ে সমবেদনা জানানোর দায়ে বড় পদক্ষেপ করল ভারতীয় জনতা পার্টি। দলের নির্দেশ অমান্য করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বিতর্কিত নেতার বাসভবনে যাওয়ায় বিজেপির তিন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন শুক্রবার এই কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সজ্জন কুমারের মৃত্যুর পর তাঁর পরিবারকে সমবেদনা জানাতে দক্ষিণ দিল্লির সাংসদ রামবীর সিং বিধুরি, পশ্চিম দিল্লির কমলাজিৎ শেহরাওয়াত এবং উত্তর পশ্চিম দিল্লির যোগেন্দ্র চান্ডোলিয়া—এই তিন বিজেপি সাংসদ তাঁর বাড়িতে গিয়েছিলেন। ১৯৮৪ সালের শিখ নিধনের দুটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন সজ্জন কুমার। ফলে তাঁর মতো একজন অভিযুক্তের বাড়িতে ক্ষমতাসীন দলের সাংসদদের এই সাকুল্য সাক্ষাৎকে সহজভাবে নেয়নি দল। বিশেষ করে আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় দলের অন্দরেই প্রবল অস্বস্তি তৈরি হয়।
সম্প্রতি বিজেপি-তে যোগ দেওয়া বিশিষ্ট আইনজীবী ও নেতা এইচ এস ফুলকা এই ঘটনার তীব্র সমালোচনা করে তিন সাংসদের ভূমিকার নিন্দা করেন। দলের কর্মী ও নেতাদের একাংশের অসন্তোষ এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ওই তিন সাংসদকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন।