LPG-গ্রাহকদের জন্য জরুরি খবর, নতুন কানেকশন নিয়ে জারি হলো কড়া নিয়ম

পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে আমেরিকা ও ইরানের চলমান বিবাদের সরাসরি প্রভাব পড়েছে দেশের রান্নার গ্যাসের বাজারে। এর জেরে দেশজুড়ে নতুন এলপিজি (LPG) কানেকশন দেওয়ার ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। তেল সংস্থাগুলিও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বর্তমান পরিস্থিতির মাঝে নতুন সংযোগ দেওয়ার কাজ আপাতত বন্ধ রাখা হচ্ছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক অস্থিরতার কারণে আমদানি ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাসের জোগান স্বাভাবিক রাখাটাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। তাই নতুন গ্রাহকদের পরিবর্তে যাঁদের কানেকশন ইতিমধ্যেই রয়েছে, তাঁদের নিয়মিত সিলিন্ডার রিফিল বা জোগান দেওয়ার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। মার্চ মাস থেকেই ১৪.২ কেজির রান্নার গ্যাসের নতুন সংযোগ প্রদান স্থগিত রাখা হয়েছে। তবে সরকার স্পষ্ট করেছে যে এই নিষেধাজ্ঞা স্থায়ী নয়। পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল স্তরে পৌঁছলে পুনরায় নতুন কানেকশন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
সংকট সামাল দিতে তেল সংস্থাগুলি বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে। নিষ্ক্রিয় বা অচল হয়ে থাকা পুরনো কানেকশনগুলি পুনরায় সচল করার প্রক্রিয়া যেমন চলছে, তেমনই ব্যবহারকারীদের কেওয়াইসি (KYC) সম্পূর্ণ করার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, বাণিজ্যিক গ্যাস ক্রয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে এবং জালিয়াতি রোধে কঠোর নজরদারি চলছে।
কেন্দ্রীয় নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, যে সমস্ত এলাকায় পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস বা পিএনজি (PNG) সংযোগ উপলব্ধ রয়েছে, সেখানকার বাসিন্দাদের আবশ্যিকভাবে পিএনজি ব্যবহার করতে হবে। কোনো গ্রাহকের কাছে যদি পিএনজি এবং এলপিজি—উভয় সংযোগই থেকে থাকে, তবে তাঁকে অবিলম্বে এলপিজি কানেকশন সমর্পণ করতে হবে। অন্যথায় সরকারি নিয়ম অনুযায়ী সেই রান্নার গ্যাসের সংযোগ কেটে দেওয়া হতে পারে।