হাইকোর্টে বড় ধাক্কা ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের! মেলেনি রক্ষাকবচ, ফাঁস বিস্ফোরক তথ্য!

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন বীরভূমের ‘পাথরসম্রাট’ হিসেবে পরিচিত প্রভাবশালী ব্যবসায়ী টুলু মণ্ডল। কড়া পুলিশি পদক্ষেপ বা গ্রেপ্তার এড়াতে তাঁর করা রক্ষাকবচের আবেদন একঝটকায় খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মহম্মদবাজার থানার চলতি তদন্তে এই মুহূর্তে আদালত কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। ফলে টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের আর কোনো আইনি বাধা রইল না।
মামলার শুনানিকালে রাজ্য সরকারের তরফে আদালতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গোপন রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টে উল্লেখ রয়েছে, টুলু মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা এবং বিশাল অঙ্কের স্থাবর-অস্থাবর সম্পত্তির হদিশ পাওয়ার চাঞ্চল্যকর তথ্য।
শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, “তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে মামলাকারীর তোলা অভিযোগের সত্যতা বিচার করা অনুচিত।” জানা গেছে, মামলায় BNS-এর ১১১ ধারা বাদ দেওয়া হলেও ৩০৮, ৩১৬(২), ৩১৬(৫), ৩১৭(৪), ৩১৭(৫) এবং ৩১৮(৩) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই দুটি চার্জশিটও জমা পড়েছে।
এদিনের শুনানিতে টুলু মণ্ডলের দেশ ছাড়ার বিষয়টিও গুরুত্ব সহকারে সামনে আসে। আদালতকে জানানো হয়, গত ২৩ মে দেশ ছেড়ে বিদেশে চম্পট দিয়েছেন টুলু। বিচারপতির তীক্ষ্ণ পর্যবেক্ষণ, “তদন্ত চলাকালীন এভাবে বিদেশ যাওয়ার ঘটনা আদালতের কাছে কোনো আস্থার জন্ম দেয় না।” তবে আইনি পথ খোলা রেখে আদালত জানিয়েছে, টুলু মণ্ডল চাইলে যথাযথ প্রক্রিয়ায় ক্রিমিনাল বেঞ্চে আগাম জামিনের আবেদন জানাতে পারেন। মহম্মদবাজার থানার আইসি-র ২০ অগস্টের চূড়ান্ত রিপোর্ট খতিয়ে দেখেই আবেদন খারিজের সিদ্ধান্ত নেয় উচ্চ আদালত।