বাংলা থেকে জঙ্গি নেটওয়ার্ক সরাতে নজিরবিহীন সিদ্ধান্ত, এই প্রথম তৈরি হল ATS

রাজ্যে একের পর এক জঙ্গি সন্দেহে গ্রেফতারি এবং অপরাধের ধরন বদলানোর আবহে আইনশৃঙ্খলা রক্ষায় বড়সড় পদক্ষেপ করল নবান্ন। মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের আদলে এবার পশ্চিমবঙ্গেও গঠিত হতে চলেছে ডেডিকেটেড ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড’ (ATS) এবং ‘অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স’ (ANTF)। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিশেষ বাহিনী গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার মূল লক্ষ্য সন্ত্রাসবাদ ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ও দ্রুত পদক্ষেপ করা।
নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্য পুলিশের ডিজির তত্ত্বাবধানে গঠিত হতে চলা এই বিশেষ পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এক হাজারের বেশি নতুন পদ তৈরির প্রস্তাবে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে শুধু অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্সের জন্য দুর্গাপুর, মালদা, খড়গপুর ও নদিয়ায় চারটি পৃথক থানা গড়ে তোলা হবে। এই চার থানাকে কেন্দ্র করে ৫৯১টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে, জঙ্গি কার্যকলাপ দমনে তৈরি হওয়া এ টি এস-এর জন্য ৪৬১টি স্থায়ী পদ এবং তথ্যপ্রযুক্তির কাজের জন্য চুক্তিভিত্তিক বিশেষ পদ অনুমোদন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বর্ধমানসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি যোগের অভিযোগে বেশ কয়েকজনের গ্রেফতারির পরই প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মাদক পাচার ও আধুনিক জঙ্গি হুমকির নেটওয়ার্ক শিকড় থেকে উপড়ে ফেলতে এই দুই নতুন বাহিনী রাজ্যের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে বলেই আশা করা হচ্ছে। এই সংক্রান্ত আরও আপডেট এবং সরকারি বিজ্ঞপ্তি দেখতে নজর রাখুন পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল-এ।