কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পরই নড়েচড়ে বসল প্রশাসন! লাইসেন্স খতিয়ে দেখতে ১৬ বরোয় শুরু যৌথ অভিযান

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের মর্মান্তিক ঘটনার পরেই শহরের বাণিজ্যিক আবাসন এবং হোটেলগুলির নিরাপত্তা নিয়ে নজিরবিহীন পদক্ষেপ করল প্রশাসন। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর স্পষ্ট নির্দেশ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায় আলোচনার পর এবার শহরের বুকে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। অগ্নিনরাপত্তা বিধি এবং আইনি অনুমোদন না থাকা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে কলকাতা পুরসভার ১৬টি বরোয় পৃথক পৃথক যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় সরেজমিনে পরিদর্শনে নেমে পড়েছে এই বিশেষ যৌথ তদন্ত কমিটিগুলি। এই কমিটিতে কলকাতা পুরসভা এবং দমকল বিভাগের পাশাপাশি কলকাতা পুলিশ, কেএমডিএ (KMDA) এবং সিইএসসি (CESC)-কে রাখা হয়েছে। সবথেকে বড় সংযোজন হিসেবে এই তদন্ত প্রক্রিয়ায় সরাসরি যুক্ত করা হয়েছে কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগকে। ফলে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা হোটেলের প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ নথি ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হবে। প্রশাসনের এই পদক্ষেপে শুধু অগ্নিনরাপত্তাই নয়, বরং প্রতিষ্ঠানগুলি বৈধভাবে ব্যবসা পরিচালনা করছে কি না, তা নিয়েও কড়া নজরদারি চালানো হচ্ছে।

যৌথ তদন্ত কমিটি মূলত যে বিষয়গুলি সরেজমিনে খতিয়ে দেখছে, তার মধ্যে রয়েছে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং বৈধ ফায়ার এনওসি (Fire Safety Certificate/NOC)-র উপস্থিতি। পাশাপাশি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর ও পর্যাপ্ত কি না, ফায়ার অ্যালার্ম এবং স্প্রিংকলার সচল রয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত এমার্জেন্সি এক্সিট, সিঁড়ি, করিডর এবং করিডরের নিরাপত্তা বাধামুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অনুমোদিত নকশার বাইরে কোনো বেআইনি নির্মাণ, পরিবর্তন বা দাহ্য সামগ্রী অনিয়ন্ত্রিতভাবে মজুত করা হয়েছে কি না, সে বিষয়েও কড়া নজর রাখা হচ্ছে। আবাসিক ভবনগুলিকে নিয়ম লঙ্ঘন করে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে কি না এবং অতিরিক্ত মানুষের জমায়েতে জননিরাপত্তা বজায় রাখার মতো পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না, তা যাচাই করতেই এই অভিযান। ১৬টি বরো জুড়ে এই ব্যাপক পরিদর্শনের মাধ্যমে শহরের বাণিজ্যিক পরিকাঠামোর ত্রুটিগুলি চিহ্নিত করে অবিলম্বে সংশোধনমূলক ও কঠোর পদক্ষেপ করতে চলেছে প্রশাসন।