অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বড় সিদ্ধান্ত! অযোগ্যদের হাত থেকে টাকা আটকাতে কঠোর পদক্ষেপ প্রশাসনের

রাজ্যে অর্থনৈতিকভাবে স্বচ্ছল ও স্বাবলম্বী ব্যক্তিদের একাংশের বিরুদ্ধে অন্নপূর্ণা ভাণ্ডারের সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসল প্রশাসন। যাঁরা আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন, তাঁদের বিরুদ্ধে এবার খুব সহজেই অভিযোগ জানিয়ে এই অর্থ সহায়তা বন্ধ করার পথ প্রশস্ত করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রকল্পের সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য একটি পৃথক পোর্টাল রয়েছে, যার মাধ্যমে অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ করা সম্ভব হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই যাঁরা অন্যায়ভাবে এই অনুদানের টাকা পেয়েছেন, তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট পোর্টালে অভিযোগ দায়ের করার সুযোগ চালু করা হয়েছে। এই প্রক্রিয়ার জন্য নাগরিকদের প্রথমে নির্দিষ্ট সিটিজেন পোর্টালে লগইন করতে হবে। পোর্টালের ড্যাশবোর্ডে প্রবেশ করার পর সেখানে ‘অবজেকশন অ্যান্ড ক্লেইম’ (Objection and Claim) নামক একটি বিশেষ বিকল্প নজরে আসবে। ওই অপশনে ক্লিক করার পর স্ক্রিনে দুটি আলাদা ভাগ দেখা যাবে। যার মধ্যে প্রথমটি থাকবে ‘ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট’ (Claim by Applicant) এবং দ্বিতীয়টি থাকবে ‘অবজেকশন এগেইনস্ট সামওয়ান’ (Objection Against Someone)।
যাঁরা অযোগ্য উপভোক্তার বিরুদ্ধে অভিযোগ জানাতে চান, তাঁদের দ্বিতীয় বিকল্প অর্থাৎ ‘অবজেকশন এগেইনস্ট সামওয়ান’ অপশনটি বেছে নিতে হবে। এই বিকল্পটি নির্বাচন করার পর সংশ্লিষ্ট ব্যক্তির নাম, বাবার নাম, মোবাইল নম্বর এবং এলাকার সঠিক তথ্য চাওয়া হবে। তথ্যগুলি সঠিকভাবে পূরণ করার পর আরও কিছু নতুন বিকল্প স্ক্রিনে ভেসে উঠবে, যেখানে অভিযোগ করার যথাযথ কারণ বা আপত্তি জানানোর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করার সুযোগ থাকবে। সেই কারণগুলির মধ্যে থেকে সঠিক অপশনটি বেছে নিয়ে সাবমিট বা জমা দিলেই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপের ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রকৃত অভাবগ্রস্ত ও যোগ্য মানুষের কাছেই সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া সুনিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।