ভারত VS ব্রাজিল ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে? উচ্ছসিত ফুটবল প্রেমীরা

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ভারত। এই প্রথমবার দেশের মাটিতে খেলতে আসছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রদের এই মেগা ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছে তুঙ্গে। আর এই ম্যাচকে কেন্দ্র করে এবার চলে এল একগুচ্ছ চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ আপডেট।
কলকাতায় আসছে ব্রাজিলের টেকনিক্যাল টিম
সূত্রের খবর, ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবারই কলকাতায় পা রাখছে ব্রাজিলের ৫-৬ জনের একটি বিশেষ টেকনিক্যাল টিম। যুবভারতী ক্রীড়াঙ্গন এবং প্র্যাকটিস মাঠ সরজমিনে ঘুরে দেখার পাশাপাশি, ভিনিসিয়াসরা কোন হোটেলে থাকবেন, তা-ও খতিয়ে দেখবেন তাঁরা। জানা গিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর রাতেই অস্ট্রেলিয়া থেকে প্রাইভেট জেটে চড়ে প্রায় ৯৬ জনের এক বিশাল দল নিয়ে কলকাতায় পৌঁছবেন সেলেকাও তারকারা। খেলোয়াড়দের জন্য আলাদা রুম এবং জিমের সুবিধার মতো বিষয়গুলি নিশ্চিত করতেই এই অগ্রিম পরিদর্শন।
টিকিটের সম্ভাব্য দাম কত হতে পারে?
সবাই এখন একটাই প্রশ্ন করছেন—ম্যাচের টিকিটের দাম কত হবে? ক্রীড়া মহলের প্রাথমিক খবর অনুযায়ী, এই হাই-ভোল্টেজ ম্যাচের ন্যূনতম টিকিটের দাম ৩ হাজার টাকা থেকে শুরু হতে পারে। অন্যদিকে, ভিআইপি (VIP) এবং হসপিটালিটি বক্সের সর্বোচ্চ টিকিটের দাম ২৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তবে টিকিটের মূল তালিকা এখনও চূড়ান্ত হয়নি।
১৫ সেপ্টেম্বর থেকেই বন্ধ হচ্ছে যুবভারতী
ম্যাচটিকে নিখুঁত করে তুলতে ১৫ সেপ্টেম্বর থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গন সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হবে। মাঠের ঘাস ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে জোরকদমে। এমনকি বিশ্বমানের সবুজ গালিচা তৈরি করতে ব্রাজিলের টেকনিক্যাল টিমের বিশেষ পরামর্শও নেওয়া হবে। সবমিলিয়ে, অক্টোবরের শুরুতে তিলোত্তমা যে ফুটবলের এক রূপকথার রাতের সাক্ষী হতে চলেছে, তা বলাই বাহুল্য।