একবারে নয়, এবার ধাপে ধাপে! ট্রাম্পের এক আদেশে কাঁপছে আমেরিকার চিকিৎসা মহল, আসল কারণ কী?

মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের টিকাদান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও চিকিৎসা সংক্রান্ত বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে সঙ্গে নিয়ে একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এই আদেশের পরেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে, কারণ সেখানে বলা হয়েছে—এখন থেকে অত্যন্ত সংবেদনশীল এমএমআর (MMR) টিকা একসঙ্গে না দিয়ে তিনটি পৃথক ডোজে আলাদাভাবে দিতে হবে।

এমএমআর টিকা আসলে কী? সহজ কথায়, এমএমআর হলো একটি কম্বিনেশন বা সংমিশ্রণ টিকা। এর পুরো নাম হলো—হাম (Measles), মাম্পস (Mumps) এবং রুবেলা (Rubella)। এই তিনটিই অত্যন্ত সংক্রামক এবং শিশুদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর ভাইরাসজনিত রোগ। বিগত কয়েক দশক ধরে বিশ্বজুড়ে এই একটিমাত্র টিকাই একসঙ্গে তিনটি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ব্যবহৃত হয়ে আসছে। এর ফলে শিশুদের বারবার ইনজেকশনের কষ্ট ও আতঙ্ক থেকে বাঁচানো সম্ভব হয়। মার্কিন নিয়মে সাধারণত ১২ থেকে ১৫ মাস বয়সের মধ্যে প্রথম ডোজ এবং ৪ থেকে ৬ বছর বয়সের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে থাকে।

আমেরিকায় ঠিক কী পরিবর্তন আনা হচ্ছে? সম্প্রতি হোয়াইট হাউসে স্বাক্ষরিত এই আদেশে শিশুদের নিয়মিত টিকার সংখ্যা ১৭টি থেকে কমিয়ে ১১টিতে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এক বছর বয়সি শিশুদের একদিনে একাধিক টিকা না দিয়ে তা পাঁচটি আলাদা সময়ে বা ধাপে ধাপে দেওয়া উচিত। আর এখানেই সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে এমএমআর টিকাকে ঘিরে। এতদিন দুটি নির্দিষ্ট ডোজে এই তিন রোগের সুরক্ষা মিললেও, নতুন আদেশে এটিকে পুরোপুরি আলাদা করে দেওয়ার কথা বলা হয়েছে।

চিকিৎসক ও বিশেষজ্ঞদের বিরোধিতার কারণ কোথায়? এই সিদ্ধান্তের বিরোধিতায় সোচ্চার হয়েছেন মার্কিন চিকিৎসকরা এবং খোদ রিপাবলিকান সিনেটর তথা চিকিৎসক বিল ক্যাসিডিও। এই বিরোধিতার মূল কারণগুলো হলো:

  • টিকার অনুপস্থিতি: হোয়াইট হাউস আলাদা আলাদা টিকার সুপারিশ করলেও, আমেরিকার বাজারে হাম, মাম্পস বা রুবেলার পৃথক কোনো টিকা বর্তমানে উপলব্ধই নেই। ফলে এই নির্দেশ কার্যকর করা অবাস্তব।

  • সময়ের দীর্ঘসূত্রিতা: আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে, এমএমআর-এর প্রতিটি উপাদানের জন্য সম্পূর্ণ আলাদা ও নিরাপদ টিকা প্রস্তুত করতে প্রায় এক দশক সময় লেগে যেতে পারে।

  • ভ্রান্ত ধারণার প্রচার: টিকাকরণের সঙ্গে অটিজমের ভুল যোগসূত্র টেনে আনার যে দাবি এই আদেশের নেপথ্যে রয়েছে, তা আগেই বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

সব মিলিয়ে, বাজারে যে টিকা মিলই না, তা ধাপে ধাপে দেওয়ার এই সরকারি ফুর্তিতে চিকিৎসা মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগামী দিনে এই সিদ্ধান্ত আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।