“আজকাল টম ক্রুজ আমার উপর ফিদা!” লাইভ শোয়ে বিস্ফোরক দাবি করে শোরগোল ফেলে দিলেন বলিউড ডিভা!

পর্দায় আজকাল নিয়মিত দেখা না গেলেও শিরোনামে থাকার কায়দা ভালোই জানেন বিতর্কিত বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। আর এবার তিনি যা দাবি করলেন, তাতে রীতিমতো বিস্ফোরণ ঘটে গিয়েছে গোটা বিনোদন জগতে। সোজা হলিউডের সুপারস্টার টম ক্রুজের বিরুদ্ধে তাঁর উপর ‘ক্রাশ’ খাওয়ার এবং নিয়মিত ব্যক্তিগত ভিডিও পাঠানোর বিস্ফোরক দাবি করে বসললেন এই অভিনেত্রী। তাঁর এই চাঞ্চল্যকর মন্তব্যের জেরে বর্তমানে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে।

সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় রিয়্যালিটি শো ‘Traitors 2’-এ অংশ নিয়েছেন মল্লিকা। সেখানেই কৌতুকাভিনেতা আদিত্য কুলশ্রেষ্ঠ ওরফে কুল্লুর সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তিনি। খোলামেলা কথোপকথনের সময় কুল্লু যখন তাঁকে প্রশ্ন করেন যে তাঁর জীবনে কাউকে ভালো লাগে কি না বা তাঁর উপর কারোর ক্রাশ রয়েছে কি না, ঠিক তখনই আত্মবিশ্বাসী মল্লিকা জবাব দেন, “সবাই তো আমার উপরই ক্রাশ খায়, তবে আজকাল টম ক্রুজ আমার উপর ক্রাশ খাচ্ছে।” মল্লিকার এমন অপ্রত্যাশিত ও বোমা ফাটানো জবাবে মুহূর্তের জন্য থতমত খেয়ে যান উপস্থিত সকলেই।

যদিও অনেকেই এই দাবিকে স্রেফ গালগল্প বা রসিকতা বলে উড়িয়ে দিতে চেয়েছেন, কিন্তু মল্লিকা দাবি করেন যে তিনি একেবারে সত্যি কথাই বলছেন। তাঁর কাছে এর অকাট্য প্রমাণও রয়েছে বলে জানান তিনি। মল্লিকা বলেন, “আমি এতটুকু মিথ্যে বলছি না। যদি আমার ফোনটা হাতের কাছে থাকত, তবে টমের পাঠানো ভিডিও তোমাকে ঠিক দেখাতাম। সে সত্যিই অসাধারণ মানুষ।” ঠিক কী ধরনের ভিডিও টম তাঁকে পাঠিয়েছেন, সে সম্পর্কে বলতে গিয়ে মল্লিকা জানান যে, অতীতে একসঙ্গে পার্টি করার সময়কার কিছু স্মরণীয় মুহূর্তের ভিডিও তাঁর ফোনে সংরক্ষিত রয়েছে।

মল্লিকার এই বিস্ফোরক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশ এই দাবিকে চরম অতিরঞ্জিত ও অবিশ্বাস্য বলে কটাক্ষ করতে শুরু করেন। এক ট্রোলার তীব্র কটাক্ষ করে লিখেছেন, “আমার দাদাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ছিলেন এবং একসঙ্গে তাস খেলতেন! এমনকি দু’বছর বয়সে আমি নাকি ট্রাম্পের গালে চড়ও মেরেছিলাম।” অন্য এক ইউজারের রসাত্মক মন্তব্য, “বক্তব্যটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল না?”

ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের সমীকরণ নিয়ে বরাবরই বিন্দাস ও খোলামেলা মন্তব্য করার জন্য পরিচিত মল্লিকা শেরাওয়াত। এর আগে ২০২৪ সালে তিনি তাঁর ফরাসি প্রেমিক তথা ব্যবসায়ী সিরিলের সঙ্গে ব্রেকআপের খবর প্রকাশ্যে এনেছিলেন। সেই সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, বর্তমান যুগে ভালো মানুষ খুঁজে পাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার এবং তিনি সম্পূর্ণ একা ও সিঙ্গেল জীবন কাটাচ্ছেন। তবে সম্পর্কের টানাপোড়েন পেছনে ফেলে মল্লিকার এই সদ্য হলিউডি প্রেমের দাবি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।