বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া! মূল পর্বে ওঠার কঠিন লড়াইয়ে উইন্ডিজ

আসন্ন ২০২৭ সালের আইসিসি পুরুষদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ (ICC Men’s ODI World Cup 2027)-এ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারল না দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক র্যাঙ্কিংয়ের সমীকরণে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারানোর সুবাদে ক্যারিবিয়ানদের টপকে গেল আফগানিস্তান। এর ফলে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় যৌথভাবে আয়োজিত হতে চলা মেগা টুর্নামেন্টে সরাসরি জায়গা করে নেওয়া দশম এবং শেষ দল হিসেবে নিজেদের নাম পাকা করল আফগানরা।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজকে এবারও মূল পর্বে পৌঁছানোর জন্য কঠিন কোয়ালিফায়ার পর্বের বাধা পার করতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে এই কোয়ালিফায়ার ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যদিও এখনও এর নির্দিষ্ট ভেন্যু ঘোষণা করা হয়নি।
২০২৩ সালের পর ফের কোয়ালিফায়ারের খাঁড়া
এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের ইতিহাসে সেটাই ছিল প্রথমবার, যখন উইন্ডিজ দল মূল বিশ্বকাপের বাইরে ছিটকে গিয়েছিল। বর্তমান র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের হাতে কাট-অফ ডেট অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর আগে আরও দুটি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে সেই দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও আফগানিস্তানকে পয়েন্ট বা রেটিং পয়েন্টের বিচারে টপকে সরাসরি বিশ্বকাপে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই।
কীভাবে হবে কোয়ালিফায়ার পর্ব?
আসন্ন কোয়ালিফায়ার পর্বে মোট ১০টি দল অংশ নেবে। এই দলগুলির মধ্যে থাকবে:
র্যাঙ্কিংয়ের সবচেয়ে নীচে থাকা দুটি পূর্ণ সদস্য দেশ (আয়োজক দেশ বাদে)।
বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চারটি দল।
কোয়ালিফায়ার প্লে-অফস থেকে উঠে আসা চারটি দল।
এই কোয়ালিফায়ার পর্ব থেকেই মূলত শেষ ৪টি দল বিশ্বকাপে জায়গা করে নেবে। তবে আইসিসি-র এই নতুন ফর্ম্যাট ও নিয়মকানুন নিয়ে সহযোগী (Associate) দেশগুলির অন্দরে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের মতো দলগুলোর অভিযোগ, কোনো রকম আলোচনা না করেই একতরফাভাবে এই নতুন ফর্ম্যাট ঘোষণা করেছে আইসিসি।
এখনও পর্যন্ত কোন কোন দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে?
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করা দলগুলির তালিকা:
দক্ষিণ আফ্রিকা (সহ-আয়োজক)
জিম্বাবুয়ে (সহ-আয়োজক)
ভারত
অস্ট্রেলিয়া
ইংল্যান্ড
নিউ জিল্যান্ড
শ্রীলঙ্কা
পাকিস্তান
বাংলাদেশ
আফগানিস্তান