‘আমার নাম ভাঙিয়ে নিউটাউনে তোলাবাজি হয়েছিল!’ প্রকাশ্যে বিস্ফোরক দাবি শমীক ভট্টাচার্যের, তারপর কী হল?

রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানে বিশেষ জোর দেওয়ার পাশাপাশি তোলাবাজি নিয়ে ফের একবার অত্যন্ত কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার ক্রেডাই (CREDAI) আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন সরকারের শিল্পনীতিকে তীব্র ভাষায় আক্রমণ করার পাশাপাশি বর্তমান রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

বিনিয়োগ ও তোলাবাজি প্রসঙ্গে শমীক

এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যে শিল্প টানার প্রয়োজনীয়তার ওপর জোর দেন শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজ্যে বড় বিনিয়োগ না এলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না। তাঁর কথায়, রাজ্যে মেধা এবং দক্ষতার অভাব নেই, রয়েছে তিনটি আন্তর্জাতিক সীমানা ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ—তা সত্ত্বেও অতীতে বিনিয়োগ আসেনি কেবল সদিচ্ছার অভাবে।

পাশাপাশি, তোলাবাজি বা এক্সটরশন (Extortion) প্রসঙ্গে বলতে গিয়ে তিনি একটি পুরনো ঘটনার প্রসঙ্গ টানেন। শমীক বলেন, অতীতে তাঁর নাম ভাঙিয়ে নিউটাউনে এক ব্যক্তি টাকা তোলার চেষ্টা করেছিল। সেই অভিযুক্তের পরিণতি কী হয়েছিল, তাও তিনি এদিন স্পষ্ট করে দেন এবং রাজ্যে তোলাবাজি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন।

তিনি আরও বলেন, অতীতে এই রাজ্য চিটফান্ড কোম্পানির ‘এপিক সেন্টার’ বা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি বদলাচ্ছে। মুখ্যমন্ত্রী ও দলগতভাবে তাঁরা রাজ্যকে সমস্ত ধরনের তোলাবাজি ও দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি জানান, সরকার মানেই কোনো বিশেষ পার্টি নয়, মানুষের অধিকার ও শিল্পের নিরাপত্তা রক্ষায় সরকার সবসময় তৎপর।