রক্তে ভেসেও ১৭৪টি প্রাণ বাঁচালেন বাঙালি ক্যাপ্টেন! স্মিত মাচ্ছারের চরম সাহসিকতায় মুগ্ধ সলমন-ভিকি থেকে খোদ প্রধানমন্ত্রী মোদী

ফ্লাইদুবাইয়ের (Flydubai) ফ্লাইটে কো-পাইলটের নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার পরেও চরম সাহসিকতা ও অসামান্য উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তাঁর এই বীরত্বপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকার জন্য এখন দেশজুড়ে অগণিত মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার জোয়ার বইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার তাঁর এই অসীম সাহসিকতাকে স্যালুট জানালেন সলমন খান, রণবীর সিং, ভিকি কৌশল, সানি দেওল এবং তামান্না ভাটিয়ার মতো বলিউড ইন্ডাস্ট্রির তাবড় তারকারা।
গতকাল রাতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেতা সলমন খান স্মিতের প্রশংসা করে লিখেছেন, “চমৎকার কাজ করেছেন পাইলটজি, আমরা সবাই আপনাকে স্যালুট জানাই। আপনার সঙ্গে বিমানে ভ্রমণ করাটা সত্যিই আনন্দের হবে… সাবাশ ভাই… ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।” অন্যদিকে, ইনস্টাগ্রাম স্টোরিতে ককপিটে বসা ক্যাপ্টেনের একটি ছবি শেয়ার করে অভিনেতা ভিকি কৌশল সংক্ষেপে লিখেছেন, “সাহসী মানুষ! ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।” প্রবীণ অভিনেতা সানি দেওলও তাঁর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আহত পাইলটের ছবি শেয়ার করে লিখেছেন, “সবচেয়ে সংকটপূর্ণ মুহূর্তে অসাধারণ সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন ক্যাপ্টেন স্মিত। আপনি একটি বড় বিপর্যয় এড়াতে এবং বহু মানুষের জীবন রক্ষা করেছেন। আপনার দ্রুত আরোগ্য কামনা করি।” পাশাপাশি অভিনেত্রী তামান্না ভাটিয়া এক আবেগঘন পোস্টে লিখেছেন, “কল্পনা করুন, আপনি নিজে আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, অথচ তখনও আপনার মাথায় রয়েছে ১৭৪টি তাজা প্রাণের দায়িত্ব! ক্যাপ্টেন স্মিত মাচ্ছার, আপনার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
উল্লেখ্য, দুবাই থেকে তেল আবিবের উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ (FZ1073) ফ্লাইটে ককপিটের ভেতরেই এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল। কো-পাইলটের অতর্কিত ও মারাত্মক হামলার মুখে পড়েও গুরুতর আহত অবস্থায় তিনি শেষ পর্যন্ত ককপিটের দরজা খুলতে সক্ষম হন, যার ফলে যাত্রীরা ও ক্রু সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। পরবর্তীতে বিমানটিকে সৌদি আরবের তাবুক (Tabuk) শহরে ঘুরিয়ে নিরাপদে অবতরণ করানো হয়। হাসপাতালের বিছানা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় স্মিত মাচ্ছার পুরো ঘটনার রোমহর্ষক বিবরণ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদিও তাঁকে ‘নায়ক’ হিসেবে অভিহিত করে তাঁর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।