ট্রাম্পের গলফ কোর্সের কাছে চাঞ্চল্যকর গ্রেপ্তার! পিস্তল ও অবৈধ অস্ত্রসহ আটক সন্দেহভাজন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরের ঠিক আগে তাঁর মালিকানাধীন লস অ্যাঞ্জেলেস এলাকার একটি গলফ কোর্সের কাছ থেকে ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্পের সেখানে একটি তহবিল সংগ্রহের নৈশভোজে যোগ দেওয়ার কথা ছিল। র‍্যাঞ্চো পালোস ভার্দেস এলাকার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ তাঁকে আটক করা হয় বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের দাবি, ওই ব্যক্তিকে গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে, ছবি ও ভিডিও ধারণ করতে এবং নিরাপত্তা–পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছিল। রোববার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। মার্কিন সিক্রেট সার্ভিসের সহায়তায় এই ঘটনার তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তল্লাশির সময় তাঁর কাছে ১৬ রাউন্ড ধারণক্ষমতার একটি ম্যাগাজিন পাওয়া যায় এবং গলফ কোর্সে পার্ক করা তাঁর গাড়ি থেকে একটি গুলিভর্তি পিস্তল ও হলো-পয়েন্ট গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে ডাউনিতে অবস্থিত সন্দেহভাজনের বাড়িতে এফবিআই-এর জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এবং শেরিফ বিভাগের মেজর ক্রাইমস ব্যুরোর এজেন্টরা অভিযান চালায়। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে চালিত ওই তল্লাশিতে বাড়ি থেকে একটি অবৈধভাবে পরিবর্তিত এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার একাধিক ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি এবং উদ্বেগজনক মন্তব্য লেখা একাধিক নোটবুক উদ্ধার করা হয়েছে। তবে র‍্যাঞ্চো পালোস ভার্দেসে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তি ট্রাম্পের ক্ষতি করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ।