“শুধু জয় নয়, আমিও অপমানিত!” রবীন্দ্র সদনের চাঞ্চল্যকর ঘটনায় ফুঁসে উঠলেন তসলিমা নাসরিন, কী বললেন তিনি?

দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরে সংবর্ধনা মঞ্চেই বড়সড় বিতর্কের মুখে পড়লেন বাংলাদেশের বিতর্কিত ও প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিন। রবীন্দ্র সদনে তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে মঞ্চে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে প্রেক্ষাগৃহ। দর্শকদের একাংশের প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত মঞ্চে উঠতে পারেননি বর্ষীয়ান কবি জয় গোস্বামী। আর এই অনভিপ্রেত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তসলিমা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই অপমান শুধু জয় গোস্বামীর নয়, তাঁর নিজেরও।
রবিবারের সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দিয়ে লেখিকা বলেন, “গতকালের ঘটনা আমার খুব খারাপ লেগেছে। কারণ, ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে। কারণ আমি নিজেই জয়কে মঞ্চে ডেকেছিলাম।”
শনিবার রবীন্দ্র সদনে তসলিমার প্রত্যাবর্তন উপলক্ষে ‘ফেরা’ শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে লেখিকাকে নাগরিক সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বক্তৃতা দেওয়ার সময় দর্শকাসনে বসা কবি জয় গোস্বামীকে দেখতে পেয়ে মঞ্চে আসার অনুরোধ করেন তসলিমা। কিন্তু কবি আসন ছেড়ে এগোতেই দর্শকদের একাংশ চেঁচামেচি শুরু করেন এবং সাফ জানিয়ে দেন যে তাঁরা কবির কথা শুনতে চান না। প্রবল আপত্তিতে শেষ পর্যন্ত মাঝপথ থেকেই নিজের আসনে ফিরে যেতে বাধ্য হন জয় গোস্বামী।
তসলিমার নির্বাসন পর্বে কবির দীর্ঘ নীরবতা এবং তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণেই দর্শকরা এই বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে ধারণা অনেকের। তবে দর্শকদের এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলে তসলিমা বলেন, “একদিকে যখন একজন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাঁকে সমর্থন করছ, কিন্তু বাস্তবে যখন তিনি আরেকজন কবিকে ডাকছেন, তখন তোমরা তাঁর কথা শুনতে চাইছ না! আশা করি এই ধরনের পরিস্থিতি আর হবে না, কারণ কলকাতা প্রগতিশীলদের শহর।”