চাকরিপ্রার্থীদের জন্য বাম্পার সুযোগ! AIIMS-এ ২২১৮ শূন্যপদে নার্সিং অফিসার নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট ও আনন্দের খবর নিয়ে এল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS)। দেশের বিভিন্ন এমস ও শীর্ষস্থানীয় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে মোট ২২১৮টি শূন্যপদে নার্সিং অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে চিকিৎসাক্ষেত্রে এই পেশার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ হু হু করে বাড়ছে। অনেকেই স্কুলপড়াশোনা শেষ করে নার্সিং নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন। এবার সেই সমস্ত যোগ্য ও আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর দিল কেন্দ্র সরকার। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট (NORCET)-এর মাধ্যমে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

দিল্লি এমস-সহ দেশের বিভিন্ন এমস ও সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে এই দফায় মোট ২২১৮টি নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আগামী ১৩ অগস্ট বিকেল ৫টা পর্যন্ত এমসের অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সবার প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট aiimsexams.ac.in-এ ভিজিট করতে হবে। সেখানে গিয়ে প্রার্থীরা পে ম্যাট্রিক্সের লেভেল ৭ অনুসারে সমস্ত নিয়ম মেনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনের জন্য প্রার্থীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা যেকোনো রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ বিএসসি (অনার্স) অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি, নার্স ও মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। এ ছাড়া আইএনসি বা রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম (GNM) ডিপ্লোমা ধারী নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে তাঁদের ক্ষেত্রে রেজাল্ট ও রেজিস্ট্রেশন পাওয়ার পর ন্যূনতম ৫০ শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালে অন্তত দু’ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের সীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় পাবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে এমসের পক্ষ থেকে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

গুরুত্বপূর্ণ তারিখ ও পরীক্ষার সময়সূচি:
অনলাইন আবেদন প্রক্রিয়া গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১৩ অগস্ট পর্যন্ত। এরপর আগামী ৩ সেপ্টেম্বর কোন প্রার্থীর পরীক্ষা কোন শহরে পড়েছে, তার তালিকা প্রকাশিত হবে। আগামী ৯ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই নিয়োগের পরীক্ষা শুরু হবে। ১২ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা এবং আগামী ৩০ সেপ্টেম্বর মেনস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন ফি:
এই পদে আবেদন করার জন্য সাধারণ (General) এবং ওবিসি (OBC) প্রার্থীদের ৩,০০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। অন্যদিকে, এসসি, এসটি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ২,৪০০ টাকা।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty