নায়কের চুম্বন দৃশ্য দেখে রাগ, ১১ বছরের সম্পর্কে ভাঙনের সুর ‘পাওয়ার কাপল’-এর?

টলিপাড়ার অন্দরে সম্পর্ক ভাঙা-গড়া আর মান-অভিমানের পালা চিরকালীন। তবে ইন্ডাস্ট্রির এমন এক ‘পাওয়ার কাপল’ রয়েছেন, যাঁরা গত ১১-১২ বছর ধরে ছায়ার মতো একে অপরের সঙ্গে জড়িয়ে আছেন। প্রেমিকা একটু কন্ট্রোলিং স্বভাবের হলেও জুটির প্রেম নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কিন্তু সম্প্রতি সেই প্রেমেই নাকি বড়সড় ঝড়ের আভাস মিলেছে! শোনা যাচ্ছে, বয়ফ্রেন্ড-নায়কের একটি অনস্ক্রিন চুম্বনের দৃশ্য দেখেই বেজায় চটেছেন তাঁর সুন্দরী অভিনেত্রী প্রেমিকা। পরিস্থিতি এমন জায়গায় গড়ায় যে, প্রিমিয়ার নাইটে দু’জনকে আলাদা আলাদা বাড়ি ফিরতেও দেখা গিয়েছে।

ঠিক কী নিয়ে দানা বেঁধেছে বিতর্ক?

টলিপাড়ায় কান পাতলেই ফিসফাস, সম্প্রতি মুক্তি পাওয়া এক সিনেমায় নায়কের সঙ্গে তাঁর অনস্ক্রিন নায়িকার একটি চুম্বন দৃশ্য বেশ শোরগোল ফেলেছে। পর্দার সেই মাখোমাখো রসায়ন দেখে আর সহ্য করতে পারেননি বাস্তবের জীবন-নায়িকা। প্রেমিকার তুলনায় নায়কের কেরিয়ার বা জনপ্রিয়তা খানিক কম থাকায়, নায়িকাকে কেরিয়ারের নানা সময়ে সাহায্য করার অভিযোগও শোনা যায় ইন্ডাস্ট্রির অন্দরে। কিন্তু সেই প্রেমিকই যখন পর্দায় অন্য নায়িকার সঙ্গে ঠোঁট ডোবাচ্ছেন, তখন আর মান-অভিমান ধরে রাখতে পারেননি তিনি।

পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে ওঠে যে, সিনেমার স্পেশ্যাল প্রিমিয়ারে প্রেমিকা আসেন তাঁর এক বান্ধবীর হাত ধরে, আর অন্যদিকে নায়ক আসেন তাঁর অনস্ক্রিন নায়িকার সঙ্গে! শুধু তাই নয়, অনুষ্ঠান শেষেও তাঁরা একসঙ্গে না ফিরে আলাদা আলাদা গাড়িতে বাড়ি ফেরেন।

সম্পর্কের বরফ কি গলবে?

যদিও অতীতে এই নায়িকাকেও অনস্ক্রিন চুমু খেতে দেখা গিয়েছে এবং তাঁর প্রেমিক তখন পাশে থাকলেও এত কড়া প্রতিক্রিয়া দেননি। তবে বর্তমান পরিস্থিতিতে এই জুটির মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় টলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও তারকা জুটির ঘনিষ্ঠমহল ও বন্ধুদের দাবি, এই সমস্ত দূরত্ব বা আলাদা আসা স্রেফ ছবির প্রচারের অংশমাত্র! সিনেমার প্রমোশন ও অনস্ক্রিন রসায়ন বোঝাতেই নাকি তাঁরা এমনটা করেছেন এবং প্রেমিকাও বিষয়টি মাথায় রেখেই দূরত্ব বজায় রেখেছেন। এদিকে এই জুটির মান-অভিমান ভাঙাতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন তাঁদের বন্ধুরা। এখন দেখার, বাস্তবের এই রিল-লাইফ কাপড়ের দূরত্ব কবে মিটে গিয়ে ফের ভালোবাসার আলোয় ঝলমলে হয়ে ওঠে তাঁদের সম্পর্ক।