কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন শর্মিলা! প্যারা-অ্যাথলেটিক্সে সোনা জিতে ঘুচলেন ২০ বছরের খরা!

দীর্ঘদিনের কঠিন পরিশ্রম এবং অদম্য জেদের সুফল পেলেন প্যারা-অ্যাথলিট শর্মিলা ধনকড়। মহিলাদের শট পুট এফ-৫৭ ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি দেশের জন্য স্বর্ণপদক জিতে নিলেন। সোমবার রাতে গ্লাসগোতে আবারও বিশ্বমঞ্চে সবার ওপরে উড়ল ভারতের ত্রিবঙ্গ পতাকা। এর আগে মীরাবাঈ চানু এবারের কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেও, শর্মিলা ধনকড় ইতিহাস গড়ে প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারা অ্যাথলেটিক্সে সোনা জয় এবং পদক অর্জনের বিরল কৃতিত্ব স্থাপন করলেন।
সোমবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে গ্লাসগোর মাঠে নামেন হরিয়ানার ৩৯ বছর বয়সি অ্যাথলিট শর্মিলা ধনকড়। মহিলাদের এফ-৫৭ শট পুট ফাইনালে প্রতিটি প্রতিযোগীর সামনে মোট ৬টি থ্রোয়ের সুযোগ ছিল, যার মধ্যে শর্মিলার সেরা থ্রোটি ছিল ৯.৮১ মিটার। তাঁর এই দূরত্বকে আর কোনো প্রতিযোগী ছুঁতে পারেননি, যার ফলে সোনা নিশ্চিত করেন তিনি। শুধু তাই নয়, এই একই ইভেন্ট থেকে ভারত আরও একটি পদক অর্জন করেছে; যেখানে ৭.২৬ মিটার থ্রো করে ব্রোঞ্জপদক জিতেছেন অপর ভারতীয় প্যারা অ্যাথলিট শিল্পা কে শায়লা। এর ফলে একই ইভেন্টে ভারত জোড়া পদক জয়ের গৌরব অর্জন করল।
শর্মিলার এই ঐতিহাসিক সোনার পদক জয়ের ফলে কমনওয়েলথ গেমসে প্যারা-অ্যাথলেটিক্স বিভাগে ভারতের দীর্ঘ ২০ বছরের খরা কাটল। এর আগে কমনওয়েলথ গেমসের প্যারা-অ্যাথলেটিক্সে সর্বশেষ পদক এসেছিল ২০০৬ সালে, যখন রঞ্জিত কুমার জয়সিলন ‘সিটেড ডিসকাস থ্রো’ ইভেন্টে সেরার সেরা হওয়ার গৌরব অর্জন করেছিলেন। প্যারা-অ্যাথলেটিক্সে দেশের হয়ে এমন ঐতিহাসিক সাফল্যের পর আবেগপ্রবণ শর্মিলা বলেন, “গ্লাসগোতে আয়োজিত এই টুর্নামেন্টে ভারতের জন্য আজকের দিনটি দারুণ সফলভাবে কাটল। ভীষণ আনন্দ হচ্ছে এবং পদক পেয়ে খুব ভালো লাগছে। আমার জীবনটা বহু প্রতিকূলতা ও সমস্যার মধ্যে দিয়ে কেটেছে। আমার মা খুব কষ্ট করেছেন এবং সব বাধা-বিপত্তির বিরুদ্ধে লড়াই করেছেন। আমার স্বপ্নকে সত্যি করতে মা তাঁর সমস্ত কিছু বিক্রি করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। আজ আমি অবশেষে মায়ের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি।” নিজের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, তাঁর পরবর্তী স্বপ্ন হলো প্যারা অলিম্পিক্সে দেশের জন্য সোনা জেতা।
ধারাবাহিক সাফল্যের পুরস্কারস্বরূপ শর্মিলার এই জয় ভারতীয় ক্রীড়াজগতে এক অনন্য মাইলফলক তৈরি করেছে। ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে জাতীয় রেকর্ড গড়েও অল্পের জন্য তাঁর পদক হাতছাড়া হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালের এশিয়ান প্যারা গেমসে তিনি চতুর্থ স্থানে শেষ করলেও, ২০২৫ সালের ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্সে সোনা জিতে নিজের ফর্মের প্রমাণ দিয়েছিলেন। চলতি বছর দুবাইয়ের ফাজ্জা আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও শটপুটে সোনা ও ডিসকাসে ব্রোঞ্জ জিতে তিনি ফর্মের তুঙ্গে থাকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই অবশেষে কমনওয়েলথ গেমসে দেশের হয়ে সোনার পদক জিতে ইতিহাস গড়লেন শর্মিলা। উল্লেখ্য, গেমসের পঞ্চম দিনে একটি সোনা সহ ভারতের ঝুলিতে মোট ৬টি পদক এসেছে। এই নিয়ে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে, যার মধ্যে রয়েছে দুটি সোনা, পাঁচটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ।