কেউ বিপ্লবী, কেউ ডাকাত! অনন্ত সিংহের জীবনালেখ্য নিয়ে জিতের পর্দায় দাপট, প্রকাশ্যে ছবির প্রথম গান

স্বাধীনতা, সাহস এবং আত্মত্যাগের এক অনন্য আখ্যান নিয়ে বড় পর্দায় ফিরছেন টলিউড সুপারস্টার জিৎ। কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহের জীবন থেকে অনুপ্রাণিত ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। মুক্তির আগেই এই ছবির প্রথম গান দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে তুলেছে। ইতিহাস ও আবেগের মেলবন্ধনে তৈরি এই গানটি স্বাধীনতা সংগ্রামের সেই অদম্য চেতনাকে শ্রদ্ধা জানায়, যা আজও আমাদের শিহরিত করে।
ছবিটির প্রথম গানে অনন্ত সিংহ রূপে জিতের উপস্থিতি অত্যন্ত আকর্ষণীয়। তাঁর শক্তিশালী অভিনয় এবং আবেগময় দৃশ্যায়ন দর্শকদের ছবির একটি অনন্য সিনেম্যাটিক অভিজ্ঞতার স্বাদ দিচ্ছে। আগামী ১৪ অগস্ট বিশ্বব্যাপী ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার আগেই এই দেশাত্মবোধক গানটি দর্শকদের আগ্রহকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
গানটির সুরারোপ ও সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সুরকার শান্তনু মৈত্র। গানের কথা লিখেছেন বারীশ, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টির ছোঁয়া ও সমকালীন আবেগের সংমিশ্রণ ঘটেছে। প্রধান কণ্ঠে রয়েছেন রূপঙ্কর বাগচী। তাঁর পাশাপাশি সৌম্যদীপ্ত মুখোপাধ্যায়, সৌম্যব্রত বন্দ্যোপাধ্যায়, সুফল দাস, সাত্ত্বিক ভট্টাচার্য, দেবজ্যোতি মুখোপাধ্যায়, অয়ন ধর, আদৃতা বসু, সৃষ্টিতা সিংহ, স্বর্ণালী মজুমদার, রিয়াঙ্কি ঘোষ এবং জর্জ জোসেফের সম্মিলিত কণ্ঠ গানটিকে এক শক্তিশালী আবহ প্রদান করেছে।
সুরকার শান্তনু মৈত্র বলেন, “ঐতিহাসিক প্রেক্ষাপটের কাজ আমি বরাবরই পছন্দ করি। জিতের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা দারুণ। এই গানটি মূলত বিপ্লবের গান, যা কোরাস দিয়ে শুরু হয়ে রূপঙ্করের কণ্ঠে অন্য মাত্রা পেয়েছে।” গীতিকার বারীশ জানান, কালজয়ী দেশাত্মবোধক গানের ভিড়ে একটি নতুন গান তৈরি করা বড় চ্যালেঞ্জ ছিল, যা শান্তনু মৈত্রের অনুপ্রেরণায় সম্ভব হয়েছে। রূপঙ্কর বাগচী বলেন, “শান্তনু মৈত্রের সুরে গাওয়ার অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল। জিৎ-এর এই ছবিটি সাধারণ বাণিজ্যিক ছবির চেয়ে সম্পূর্ণ আলাদা স্বাদের।”
ছবিটির প্রযোজনায় রয়েছে নন্দী মুভিজ ও জিৎজ ফিল্মওয়ার্কস। পরিচালক পথিকৃৎ বসু এমন এক মানুষের জীবনকে সেলুলয়েডে তুলে ধরছেন, যাকে অনেকে বিপ্লবী বলে শ্রদ্ধা করেন, আবার অনেকে বিতর্কের চোখে দেখেন। বাংলার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় দেখার জন্য অপেক্ষায় এখন অগুনতি দর্শক।