বিদেশি টাকায় বেনিয়ম? উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি

মাদ্রাসা নির্মাণের নামে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে চাঞ্চল্যকর অভিযান চালাল উত্তরপ্রদেশ সন্ত্রাস দমন শাখা (ATS)। বৃহস্পতিবার হাসনাবাদের রামেশ্বরপুরে স্থানীয় তৃণমূল নেতা আবদুল্লা গাজির বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার বলয়ে তল্লাশি চালান তদন্তকারীরা। এই অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর আধিকারিকেরাও সহযোগিতা করছেন বলে জানা গিয়েছে।
ঠিক কী অভিযোগ? পুলিশ সূত্রে খবর, মাদ্রাসার নাম করে বিদেশ থেকে আবদুল্লা গাজির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে বলে অভিযোগ। সেই অর্থের উৎস কী, কোন উদ্দেশ্যে তা ব্যবহার করা হয়েছে এবং আর্থিক লেনদেনে কোনো বেআইনি পথে টাকা এসেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুধুমাত্র হাসনাবাদ নয়, হাড়োয়াসহ পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জায়গায় একইসঙ্গে তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে।
কেন এই নজরদারি? জানা গিয়েছে, প্রায় দুই বছর আগে একটি পৃথক মামলায় আবদুল্লা গাজিকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ ATS। সেই পুরনো মামলার তদন্ত চলাকালীনই নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে। সেই সূত্র ধরেই এই নতুন তল্লাশি অভিযান। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, “তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। অর্থের উৎস এবং লেনদেনের নথি যাচাই করা হচ্ছে। সংগৃহীত প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
তবে এই অভিযান নিয়ে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ ATS-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ঘটনার সময় স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বিদেশি অনুদানের নামে এই বিশাল অঙ্কের টাকা সংগ্রহ এবং তার ব্যবহারের উদ্দেশ্য নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।