শরীর জুড়ে সূচের দাগ! ট্রোলড হওয়ার পর মেজাজ হারালেন মৌনী রায়, শুভশ্রীকে নিয়ে দিলেন বড় বার্তা

মুম্বইয়ের মায়ানগরীতে এখন চর্চার কেন্দ্রে অভিনেত্রী মৌনী রায়। সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। কিছুদিন আগে এক রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় ফটোগ্রাফারদের লেন্সের সামনে পড়তে হয় অভিনেত্রীকে। মুহূর্তের মধ্যে রেগে গিয়ে তিনি সোশাল মিডিয়ায় কড়া পোস্ট দিয়ে বলেন, ”আমি কাউকে ছবি তোলার জন্য ডাকিনি।” এরপর থেকেই নানা মহলে শুরু হয়েছে গুঞ্জন। নেটনাগরিকদের একাংশের দাবি, বিয়ে ভাঙার জেরেই নাকি মানসিকভাবে বিপর্যস্ত অভিনেত্রী। এখানেই শেষ নয়, নতুন করে আগুনে ঘি ঢেলেছে দিশা পাটানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের চর্চা। কেউ কেউ তো সরাসরি লিখছেন, ”দিশা পাটানির সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলানোর কারণেই কি ভেঙেছে বিয়ে?”
এই জটিল পরিস্থিতির মধ্যেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মৌনী। আর সেই ছবির ক্যাপশনেই তিনি তুলে ধরেছেন নিজের যন্ত্রণার কথা। শুভশ্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৌনী লেখেন, ”শুভশ্রীর কাছে আমি কৃতজ্ঞ। ওঁকে আসতে বললাম, আর দশ মিনিটের মধ্যে টিকিট বুক করে নিজের ঘর ও বাচ্চাদের দায়িত্ব ছেড়ে মুম্বই চলে এলো আমার পাশে থাকতে।”
মৌনীর হাতের বেশ কিছু দাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়েছিল। সেই প্রসঙ্গ টেনে মৌনী পাল্টা আক্রমণ করেন মিডিয়ার একাংশকে। তিনি স্পষ্ট ভাষায় লেখেন, ”আমার হাতে আপনারা যেসব দাগ দেখছেন, সেগুলো মূলত সূচ ফোটানোর দাগ, এর সঙ্গে মদের কোনো যোগ নেই। আপনারা যেটা করছেন সেটাই চালিয়ে যান, তবে মনে রাখবেন কর্মফল বলে কিছু একটা আছে।” মিডিয়ার প্রতি এই তীব্র আক্রোশ আর ‘কর্মা’ শব্দটির প্রয়োগ ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। শুভশ্রী এই পোস্টের পাল্টা উত্তরে মৌনীকে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। কিন্তু ঠিক কী কারণে মিডিয়ার উপর মৌনী এত ক্ষুব্ধ, তা নিয়ে ধন্দ কাটেনি।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নেটপাড়ায় বিতর্ক থামছে না। একজন লিখেছেন, ”আপনার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু দিশার সঙ্গে বন্ধুত্বও কি ভেঙে গেল?” অন্য একজন লিখেছেন, ”শুভশ্রী কি তবে দিশার জায়গা নেবেন?” যদিও এসবের মাঝেই মৌনীর শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত সুস্থতা ও জীবনের কঠিন সময় পেরিয়ে আসার প্রার্থনা জানিয়েছেন। ঘটনাপ্রবাহ যে দিকে মোড় নিচ্ছে, তাতে এটা স্পষ্ট যে মৌনী রায়কে নিয়ে তৈরি হওয়া এই বিতর্কের জল বহুদূর গড়াবে। আপাতত ভক্তদের নজর, পরিস্থিতির সামাল দিয়ে অভিনেত্রী কীভাবে এই কঠিন সময় অতিক্রম করেন তার দিকেই।