ট্রেনের টিকিটে ৭৫% পর্যন্ত ছাড়! বড় ঘোষণা রেলের, কারা পাবেন এই সুবিধা? জানুন বিস্তারিত

ভারতীয় রেল যাত্রীদের সুবিধার জন্য প্রতিনিয়ত নানা উদ্যোগ গ্রহণ করে। সম্প্রতি ট্রেনের টিকিটে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ের খবর ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা চলছে। কিন্তু এই ছাড় কি সাধারণ সব যাত্রীর জন্য? আসলে বিষয়টি ততটা সহজ নয়। বিশেষ পরিস্থিতি এবং নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতেই এই বিশেষ সুবিধা প্রদান করা হয়। রেলের নিয়ম অনুযায়ী, সকল যাত্রী এই ছাড়ের আওতায় পড়েন না। তাই টিকিটের জন্য আবেদন করার আগে নিয়মগুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
প্রথমেই একটি বড় ভুল ধারণা ভাঙা প্রয়োজন। অনেকেই মনে করেন, বয়স্ক বা প্রবীণ নাগরিকদের জন্য রেলের ভাড়ায় ছাড়ের সুবিধা এখনও চালু রয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। গত কয়েক বছর আগেই প্রবীণ নাগরিকদের জন্য প্রযোজ্য সেই ছাড়ের সুবিধা ভারতীয় রেলওয়ে বন্ধ করে দিয়েছে। বর্তমানে বয়সের ভিত্তিতে কোনো বিশেষ ছাড়ের ব্যবস্থা নেই। তাই এই বিষয়ে কোনো বিভ্রান্তি রাখা উচিত নয়।
রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ছাড়ের সুবিধা মূলত নির্দিষ্ট কিছু বিশেষ ক্যাটাগরির যাত্রীদের জন্য। এর মধ্যে শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা প্রধান। তবে সব পড়ুয়া সমান সুযোগ পান না। পড়াশোনার ক্ষেত্র এবং যাতায়াতের ধরণের ওপর ভিত্তি করে ছাড়ের পরিমাণ নির্ধারিত হয়।
কতটা ছাড় পাওয়া যায়?
সাধারণ বিভাগের ছাত্রছাত্রীরা দ্বিতীয় ও স্লিপার শ্রেণির ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পান। এছাড়া MST ও QST ভাড়ায় ৫০ শতাংশ ছাড়ের সুযোগ রয়েছে। তবে SC/ST বিভাগের পড়ুয়াদের জন্য এই ছাড়ের হার প্রায় ৭৫ শতাংশ। এছাড়া গ্রামীণ এলাকার সরকারি স্কুলের শিক্ষার্থীরা বছরে একবার ভ্রমণের ক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। স্নাতক পর্যন্ত অধ্যয়নরত ছাত্রী এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ছাত্রদের জন্য দ্বিতীয় শ্রেণির MST বিনামূল্যে প্রদানের ব্যবস্থাও রয়েছে।
অন্যান্য ক্যাটাগরি:
ইউপিএসসি (UPSC) এবং সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত প্রধান লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় শ্রেণিতে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি, ভারতে পাঠরত বিদেশি পড়ুয়ারা সরকারি ক্যাম্প, সেমিনারে অংশগ্রহণ বা ঐতিহাসিক স্থান পরিদর্শনের ক্ষেত্রে সেকেন্ড ক্লাস স্লিপারে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
ভ্রমণের পরিকল্পনা থাকলে সবসময় ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়মাবলী দেখে নেওয়া ভালো। সঠিক তথ্যের অভাবে অনেক সময় যাত্রীরা এই সুবিধা থেকে বঞ্চিত হন। তাই আপনার যোগ্যতার ভিত্তিতে ছাড়ের বিষয়টি নিশ্চিত করে তবেই টিকিট কাটুন।