ওমর আবদুল্লাকে কড়া আইনি নোটিশ বিজেপির! ১০০ কোটির মানহানির মামলার হুঁশিয়ারি, কী অভিযোগ?

সরকার ফেলতে বিধায়কদের কোটি কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে—সম্প্রতি ন্যাশনাল কনফারেন্সের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় জম্মু-কাশ্মীরের রাজনীতি। আর এই মন্তব্যের জেরেই এবার ওমর আবদুল্লাকে আইনি নোটিশ পাঠাল বিজেপি।
বিজেপির দাবি ও নোটিশের বিষয়বস্তু: সোমবার বিজেপির পক্ষ থেকে পাঠানো এই আইনি নোটিশে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রীকে নিজের দাবির স্বপক্ষে অকাট্য প্রমাণ দিতে হবে। বিজেপি যে ন্যাশনাল কনফারেন্স বিধায়কদের ২০ থেকে ৩০ কোটি টাকার টোপ দিচ্ছে বলে ওমর অভিযোগ করেছেন, সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করার জন্য তাঁকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীর বিজেপির সভাপতি সৎ শর্মার তরফ থেকে পাঠানো এই নোটিশে অভিযোগ করা হয়েছে যে, ওমর আবদুল্লার মন্তব্য সম্পূর্ণ “মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর”। এতে বিজেপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করে পদ্মশিবির ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
কী হতে পারে পরবর্তী পদক্ষেপ? নোটিশে ওমরকে সতর্ক করে বলা হয়েছে:
সাত দিনের মধ্যে সর্বসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
অভিযোগের সপক্ষে তথ্য দিতে হবে। অন্যথায়, মানহানি মামলা সহ দেওয়ানি ও ফৌজদারি আইনে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই ঘটনাকে ঘিরে কেন্দ্রশাসিত অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ন্যাশনাল কনফারেন্স বা ওমর আবদুল্লার পক্ষ থেকে এই আইনি নোটিশের প্রেক্ষিতে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।