অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরা করতেই খুলল লকার! নাগেরবাজারের ব্যাঙ্কে হানা দিয়ে পুলিশ পেল কী?

আয় বহির্ভূত সম্পত্তি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকেই অস্বস্তিতে তৃণমূল নেতা তথা বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। এবার তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর নতুন করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল তদন্তকারী অফিসারদের হাতে। দেবরাজের দেওয়া তথ্যের ভিত্তিতেই নাগেরবাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হানা দিল বাগুইআটি থানার পুলিশ।

সূত্রের খবর, ব্যাঙ্কে তল্লাশি চালিয়ে প্রাক্তন এই কাউন্সিলরের নামে থাকা একটি ব্যক্তিগত লকার সিল করে তা খোলা হয়। লকার থেকে উদ্ধার হয়েছে ১৫০ গ্রাম ওজনের ৪টি সোনার চেন। ঠিক কী কারণে এই বিপুল পরিমাণ সোনা লকারে লুকিয়ে রাখা হয়েছিল এবং এর সঙ্গে দুর্নীতির কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে এসটিএফ (STF)। তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এখন ব্যাঙ্কে উদ্ধার হওয়া এই সোনার গয়নাগুলো কি বেআইনি আয়ের ফসল? সেই উত্তর খুঁজতেই এখন মরিয়া তদন্তকারীরা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, জেরার মুখে আর কী কী গোপন তথ্য ফাঁস করবেন দেবরাজ?