“রাজ্যমর্যাদা ফেরানোর দাবি জানাব কোথায়? ট্রাম্পের কাছে?” যন্তর মন্তরের ধর্না নিয়ে বিজেপিকে বিঁধলেন ওমর

জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে ন্যাশনাল কনফারেন্সের (NC) ‘দিল্লি চলো’ আন্দোলনের ডাক ঘিরে উত্তপ্ত উপত্যকার রাজনীতি। দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত ধর্না নিয়ে বিজেপির আপত্তির কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর প্রশ্ন, দেশের রাজধানীতে যদি নিজেদের অধিকারের কথা বলা না যায়, তবে কি আমেরিকার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে দরবার করতে হবে?
বিজেপিকে ওমরের কড়া প্রশ্ন রবিবার জম্মুতে ন্যাশনাল কনফারেন্সের এক জনসভা থেকে ওমর আবদুল্লা দাবি করেন, রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া এখন কাশ্মীরি জনগণের প্রধান দাবি। যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করায় বিজেপি নেতৃত্ব যেভাবে সরব হয়েছে, তার পাল্টা জবাবে ওমর বলেন, “যদি দিল্লিতে গিয়ে নিজেদের দাবি জানানো যায় না, তবে আপনারা খোলসা করে বলুন কোথায় যেতে হবে? আমেরিকার প্রেসিডেন্টের কাছে?”
বিচ্ছিন্নতাবাদ ইস্যুতে প্রধানমন্ত্রীর দাবির পাল্টা এই প্রতিবাদ কর্মসূচিতে হুরিয়তপন্থী নেতা মিরওয়াইজ উমর ফারুককে আমন্ত্রণ জানানো নিয়ে ন্যাশনাল কনফারেন্সকে নিশানা করেছে বিজেপি। এই প্রসঙ্গে ওমর আবদুল্লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুরনো দাবিকে হাতিয়ার করেছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বারবার দাবি করেন যে, জম্মু-কাশ্মীর থেকে বিচ্ছিন্নতাবাদ সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে। যদি তাই হয়, তবে মিরওয়াইজকে আজ বিচ্ছিন্নতাবাদী বলে দেগে দেওয়ার অর্থ কী? আপনাদের দাবি তবে কি ভুয়ো?”
ওমরের বিরুদ্ধে ‘অপারেশন লোটাস’-এর অভিযোগ রাজনৈতিক মহলের ধারণা, এই আন্দোলনের ডাক দেওয়ার পর থেকেই উপত্যকায় ন্যাশনাল কনফারেন্সকে ভাঙার জন্য বিজেপি ‘অপারেশন লোটাস’ (Operation Lotus) শুরু করেছে। ওমরের অভিযোগ, দিল্লি চলো কর্মসূচির মাধ্যমে তিনি যখন কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন, ঠিক তখনই তার দলকে দুর্বল করার চেষ্টা চালানো হচ্ছে।
জম্মু-কাশ্মীরের মর্যাদা ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে ওমরের এই বিস্ফোরক মন্তব্য ফের একবার কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যকার দূরত্বকে স্পষ্ট করে দিল। বিজেপির পক্ষ থেকে এখনো এই নিয়ে কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, উপত্যকার রাজনীতিতে ওমরের এই ‘দিল্লি চলো’ ডাক যে শাসক দলের রাতের ঘুম কেড়েছে, তা পরিষ্কার।