বিশ্বকাপের মাঝেই শোকের মাতম! রহস্যজনকভাবে মৃত দক্ষিণ আফ্রিকার তারকা ফুটবলার

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার মধ্যেই দক্ষিণ আফ্রিকা ফুটবল শিবিরে নেমে এল শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যু হলো জাতীয় দলের উদীয়মান মিডফিল্ডার জেইডেন অ্যাডামসের। শনিবার সকালে কেপটাউনের উপকণ্ঠে স্কটশেকলুফের নিজ বাসভবন থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে দারুণ ছন্দে ছিলেন জেইডেন। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই তাঁকে সবুজ ঘাসের ময়দানে দেখা গিয়েছিল। ২২ বছর বয়সে জাতীয় দল ‘বাফানা বাফানা’র হয়ে অভিষেক হওয়া জেইডেন দেশের জার্সিতে খেলেছেন ন’টি ম্যাচ। তরুণ এই ফুটবলারের এমন অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর সতীর্থ ও সমর্থকরা।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কী কারণে জেইডেনের মৃত্যু হলো, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। তিনি বলেন, “জেইডেনের মৃত্যুর খবরটি শুধু অপ্রত্যাশিতই নয়, অত্যন্ত হৃদয়বিদারক। দেশের ফুটবল একজন প্রতিভাবান খেলোয়াড়কে হারাল।”
একইসঙ্গে গুজব রুখতে সচেষ্ট প্রশাসন। ক্রীড়ামন্ত্রী সংবাদমাধ্যম ও সাধারণ মানুষকে জল্পনা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, “তদন্ত চলছে। এই কঠিন সময়ে জেইডেনের পরিবার ও ক্লাবের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ রইল।”
বিশ্বকাপের মঞ্চ মাতানো একজন ফুটবলারের এমন রহস্যময় মৃত্যুতে গোটা ক্রীড়া বিশ্বে এখন শোকের আবহ।