বিধায়ক কেনায় কোটি কোটি টাকার ছড়াছড়ি? বিজেপিকে বেনজির আক্রমণ ওমর আবদুল্লার!

জম্মু-কাশ্মীরের রাজনীতিতে ফের অস্থিরতার আবহ। ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর বিধায়কদের ভাঙানোর জন্য বিজেপি কোটি কোটি টাকার প্রলোভন দেখাচ্ছে বলে অভিযোগ তুলে শনিবার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর দাবি, এনসি বিধায়কদের শুধু বিপুল নগদ অর্থই নয়, মন্ত্রিত্বের লোভ এবং পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার অলীক প্রতিশ্রুতি দিয়েও দলে টানার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির।
শ্রীনগরের হজরতবালে বেগম আকবর জাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দাঁড়িয়ে ওমর আবদুল্লা বিজেপিকে লক্ষ্য করে তোপ দাগেন। তিনি বলেন, “বিজেপি আমাদের ধৈর্য ও নীরবতাকে দুর্বলতা ভেবে ভুল করছে। আগে অপারেশন লোটাসের ধাঁচে দল ভাঙার চেষ্টা হয়েছে, তাতে ব্যর্থ হয়ে এখন তারা টাকার খেলায় নেমেছে। ওরা মনে করছে আমাদের বিশ্বাস এতটাই সস্তা যে টাকা দিলেই আমরা বিক্রি হয়ে যাব। কিন্তু বিজেপির জানা উচিত, ন্যাশনাল কনফারেন্সের শিকড় অনেক গভীরে।”
মুখ্যমন্ত্রী আরও গুরুতর অভিযোগ করে বলেন, বিজেপির এক শীর্ষ নেতা এবং সুপ্রিম কোর্টের এক পরিচিত আইনজীবী ব্যক্তিগতভাবে জম্মুর এক এনসি বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন। ওই বিধায়ককে দল ছেড়ে বিজেপির দিকে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। ওমরের চ্যালেঞ্জের সুরে মন্তব্য, “আমাদের কোনো বিধায়কই বিক্রি হতে রাজি নন। ৩০ কোটি কেন, ১০০ কোটি টাকার প্রলোভন দিলেও আমাদের কেউ দল ছাড়বেন না।”
দল ভাঙানোর পাশাপাশি জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন ওমর। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোট মিটতেই কেন্দ্র এখন টালবাহানা করছে। ওমর স্পষ্ট ভাষায় বলেন, “নির্বাচনের আগে বলা হয়েছিল ভোট মিটলেই পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। আর কত নির্বাচনের অপেক্ষা? এখন আবার পঞ্চায়েত ও পুরসভা ভোটের জুজু দেখানো হচ্ছে। আমি জানিয়ে দিচ্ছি, স্থানীয় নির্বাচন যথাসময়েই হবে এবং সেই সিদ্ধান্ত আমরাই নেব।”
উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানটি ছিল এনসি প্রতিষ্ঠাতা শেখ আবদুল্লার স্ত্রী বেগম আকবর জাহানের মৃত্যুবার্ষিকী। ডাল লেকের তীরে এই স্মরণসভাকে ঘিরে দলের শক্তি প্রদর্শন লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এনসি, আর সেই আন্দোলনের সুর বেঁধে দিতেই ওমরের এই বিস্ফোরক অভিযোগ। বিজেপির পক্ষ থেকে এখনও এই অভিযোগের আনুষ্ঠানিক জবাব না এলেও, ওমরের এই মন্তব্য যে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিল, তা বলাই বাহুল্য।