ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের! ১০০০ ক্ষেপণাস্ত্র তাক করে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট

নিজের ওপর সম্ভাব্য প্রাণঘাতী হামলার আশঙ্কায় সরাসরি ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিস্ফোরক বার্তায় ট্রাম্প স্পষ্ট করেছেন, তেহরান যদি তাঁকে হত্যার কোনো রকম চেষ্টা করে, তবে ইরানকে আমেরিকার ‘অভূতপূর্ব’ সামরিক আক্রমণের মুখে পড়তে হবে। ট্রাম্পের দাবি, ইতিমধ্যেই ১০০০টি ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে তাক করে রাখা হয়েছে।

ট্রাম্পের এই বার্তা যথেষ্টই কড়া। তিনি লিখেছেন, ‘‘আমেরিকার কোনো আসীন প্রেসিডেন্টকে, বিশেষ করে আমাকে হত্যার চেষ্টা করা হলে তার ফল হবে ভয়াবহ। ১০০০টি ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই ‘লকড অ্যান্ড লোডেড’ বা ছোঁড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। একবার আক্রমণ হলে তার পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হবে।’’ ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক বাহিনীকে এই ধ্বংসাত্মক অপারেশনের জন্য আগেভাগেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সামরিক প্রস্তুতির মেয়াদ বাড়ানো হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ট্রাম্পকে হত্যার জন্য নতুন করে ছক কষছে ইরান। যদিও ট্রাম্প নিজেই এই তথ্যের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘‘ইসরায়েলের হাতে নতুন কোনো তথ্য নেই। আমি তো দীর্ঘদিন ধরেই ইরানের হিট লিস্টের এক নম্বরে রয়েছি। এটা তো এখন জীবনেরই অংশ হয়ে দাঁড়িয়েছে।’’ তবে গোয়েন্দা রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেও, ইরানকে তিনি যে এক চুলও ছাড় দিতে রাজি নন, তা তাঁর বক্তব্যে স্পষ্ট।

ইরানের সঙ্গে আমেরিকার বর্তমান সম্পর্ক সাপে-নেউলে। একদিকে সামরিক হুঙ্কার, অন্যদিকে পর্দার আড়ালে কূটনৈতিক স্তরে আলোচনার চেষ্টা—সব মিলিয়ে পরিস্থিতি থমথমে। ট্রাম্প জানিয়েছেন, ইরান নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন তাতে রাজি হলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গত মাসে যেটুকু যুদ্ধবিরতি ছিল, তা এখন কার্যত অতীত। অর্থাৎ, ইরানের ওপর এখন আর কোনো বিধিনিষেধ বা যুদ্ধবিরতির শর্ত কার্যকর নেই।

২০২০ সালে ট্রাম্পের নির্দেশে বাগদাদে ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্তা কাসেম সোলেমানির মৃত্যুর পর থেকেই তেহরানে প্রতিশোধের আগুন জ্বলছে। বহুবার মার্কিন প্রশাসন দাবি করেছে, ট্রাম্পকে খতম করার একাধিক পরিকল্পনা করেছে ইরান। তেহরান অবশ্য বরাবরই তা অস্বীকার করে এসেছে। কিন্তু শনিবার ট্রাম্পের এই ‘১০০০ ক্ষেপণাস্ত্র’-এর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘন করল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।