‘বিষাক্ত পোকার কামড়ে অসুস্থতা’ সম্পূর্ণ মিথ্যে! রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে বড় আপডেট দিলেন আপ্তসহায়ক

জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনার অবসান ঘটালেন তাঁর আপ্তসহায়ক শুভাশিস পান্ডা। পায়ের সংক্রমণের কারণে গত শুক্রবার হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে অভিনেতার। আপ্তসহায়কের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর রাজেশ শর্মা বর্তমানে দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাঁর রক্তচাপ ও সুগারের মাত্রা এখন স্বাভাবিক। কমেছে জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা।
শনিবার অভিনেতা ইন্দ্রনীল খাঁ তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, শনি ও রবিবার তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। সব কিছু ঠিক থাকলে সোমবারই হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরতে পারবেন। শুক্রবার অস্ত্রোপচারের সময় তাঁকে অক্সিজেন সাপোর্ট ও স্যালাইন দেওয়া হয়েছিল, যা দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এ প্রসঙ্গে শুভাশিস জানান, অস্ত্রোপচারের কারণেই সাময়িকভাবে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল। পায়ের চামড়া সামান্য কেটে সংক্রমিত অংশ ও দূষিত রক্ত বের করে দেওয়া হয়েছে, যার ফলে তিনি আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় রাজেশের অসুস্থতা নিয়ে কিছু ভুয়ো খবর ছড়ানোর ঘটনায় ক্ষুব্ধ তাঁর পরিবার। খবর রটেছিল, হায়দরাবাদে ‘ফৌজি’ ছবির শুটিংয়ের সময় বিষাক্ত পোকার কামড়ে অভিনেতা অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) সরব হয়েছিল। এই সব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন শুভাশিস।
তাঁর স্পষ্ট বক্তব্য, “হায়দরাবাদে নয়, কলকাতায় ফেরার পরই রাজেশদা অসুস্থ হয়ে পড়েন। এটি কোনো পোকার কামড় নয়, বরং রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়ায় পা ফুলে গিয়েছিল। চুলকানোর ফলে সেখান থেকে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং জ্বর আসে।” কারা এবং কেন এমন ভুয়ো খবর ছড়িয়েছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। অভিনেতাকে নিয়ে অহেতুক গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ মহল।