তৃণমূলের ৪৪০ কোটি ফ্রিজ! সুপ্রিম কোর্টে যাচ্ছে ঋতব্রত শিবির, অস্বস্তিতে কালীঘাট?

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এবার পৌঁছে গেল দেশের সর্বোচ্চ আদালতে। দলের ৪৪০ কোটি টাকার তহবিল মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দল পরিচালনার অধিকার এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে খুব শীঘ্রই স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করতে চলেছেন তারা।
৪৪০ কোটিতে ইডি-র তালা: বৃহস্পতিবার ইডির (ED) এক বিশাল অভিযানে রীতিমতো কেঁপে উঠেছে শাসকদল। তদন্তকারী সংস্থা কালীঘাট তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করে দিয়েছে। ইডির দাবি, দলীয় অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই বিশাল অঙ্কের টাকার উৎস এবং কেন বারবার এই লেনদেন হয়েছে, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
‘বাটপারি’ নিয়ে বিস্ফোরক ঋতব্রত: তহবিল তছরূপের বিষয়টি প্রকাশ্যে আসতেই আক্রমণ শানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিমান ও হেলিকপ্টার কেনা এবং পরে সেই বিমানই আবার ভাড়ায় নেওয়ার নামে যা হয়েছে, তা নজিরবিহীন বাটপারি। কলকাতা থেকে খুব কাছে গন্তব্যেও হেলিকপ্টারের ব্যবহার আসলে মানি লন্ডারিংয়ের কৌশল।” তিনি আরও বিস্ফোরক ইঙ্গিত দিয়ে বলেন, এই দুর্নীতির সাথে কেরল ও ইউরোপের যোগসূত্র পাওয়া যাচ্ছে, যা খুব শীঘ্রই সামনে আসবে।
আইনি লড়াইয়ের মোড়: তৃণমূলের অন্দরে এখন ‘আসল-নকল’ দ্বন্দ্ব চরমে। ঋতব্রত শিবিরের দাবি, সংখ্যাগরিষ্ঠতা তাদের সঙ্গেই রয়েছে, তাই দলীয় তহবিলের বৈধ অধিকারও তাদের। এই আইনি লড়াই এখন কলকাতা হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে গড়ালে তৃণমূলের অন্দরের অস্থিরতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।