শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মজয়ন্তী, কলকাতা সফরে অমিত শাহ, ইকো পার্কে স্থাপন করলেন বিশাল মূর্তির ভিত্তিপ্রস্তর!

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সোমবার এক গুরুত্বপূর্ণ সফরে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ রাজনীতির উত্তাল আবহের মধ্যেই তাঁর এই সফর ঘিরে বিজেপি শিবিরে বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে। শহরে নেমেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোজা চলে যান ইকো পার্কে। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি ১২৫ ফুট উঁচু মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই উপলক্ষ্যে ইকো পার্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সকাল থেকেই ছিল যজ্ঞ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কর্মসূচি।

ইকো পার্কের কর্মসূচি শেষ করে বিকেল পৌনে পাঁচটা নাগাদ অমিত শাহ চলে যান ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে। সেখানে প্রয়াত নেতার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এদিন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই মূর্তির ইতিহাস নিয়ে আলোকপাত করতে গিয়ে হাওড়ার রাখাল দাসের অবদানের কথা স্মরণ করেন। তাঁর মতে, এক কঠিন সময়ের মধ্যেও প্রতিকূলতা কাটিয়ে শ্যামাপ্রসাদের মূর্তি প্রতিষ্ঠার লড়াইটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিকে, অমিত শাহের এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলেন, “বাংলার মানুষ জানে কাকে কীভাবে শ্রদ্ধা জানাতে হয়। অমিত শাহ বা বিজেপির কাছ থেকে আমাদের শ্রদ্ধার পাঠ নিতে হবে না।” কল্যাণবাবুর অভিযোগ, এই সমস্ত কর্মসূচি আসলে বিজেপি ও অমিত শাহের স্রেফ লোক দেখানো ‘গিমিক’। বিশ্বনেতাদের মূর্তির অবমাননার প্রসঙ্গ টেনে এনে তিনি বিজেপির অতীত আচরণেরও সমালোচনা করেন।

অন্যদিকে, এই জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্য রাজনীতির ভিন্ন দৃশ্যও দেখা গেছে। এদিন সকালেই রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশাপাশি, এই প্রথম কলকাতা পুরসভার উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হয়েছে, যেখানে বিকেলে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়সহ বিশিষ্টজনেরা। ভবানীপুরের পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবনেও স্বরাষ্ট্রমন্ত্রীর যাওয়ার কথা থাকায় তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বেড়েছে। সব মিলিয়ে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও রাজনৈতিক আক্রমণ-পাল্টা আক্রমণে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।