টাটা গ্রুপে বড় রদবদল: এবার ‘ভোল্টাস’-এর চেয়ারম্যান পদ ছাড়লেন নোয়েল টাটা

টাটা গ্রুপে একের পর এক বড় সাংগঠনিক পরিবর্তনের ঘোষণা করলেন নোয়েল টাটা। গত সপ্তাহে ফ্যাশন রিটেল কোম্পানি ‘ট্রেন্ট’-এর চেয়ারম্যান পদ ছাড়ার কথা ঘোষণা করার মাত্র এক সপ্তাহের মধ্যেই, এবার ‘ভোল্টাস’ (Voltas)-এর চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
এজিএম বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার অনুষ্ঠিত ভোল্টাসের ৭২তম বার্ষিক সাধারণ সভায় (AGM) শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে নোয়েল টাটা জানান, চেয়ারম্যান হিসেবে এটাই তাঁর শেষ এজিএম। তিনি বলেন, “আমি কোম্পানির বর্তমান নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রাখছি। অভ্যন্তরীণ পদোন্নতি ও নতুন নিয়োগের মাধ্যমে যে টিম তৈরি হয়েছে, তারা ভবিষ্যতে কোম্পানিকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম।” উল্লেখ্য, ২০০৩ সালে ভোল্টাসের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার পর ২০১৭ সালে তিনি নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
কেন এই পদত্যাগ? নোয়েল টাটার এই পদত্যাগের পিছনে মূলত বয়সজনিত নিয়মকেই কারণ হিসেবে দেখা হচ্ছে। এই বছরের নভেম্বর মাসে তিনি ৭০ বছরে পা দেবেন। কোম্পানি আইন, ২০১৩ অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সী কেউ ব্যবস্থাপনা পরিচালক বা পূর্ণকালীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না। সেই নিয়মের সঙ্গতি রেখেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
টাটা ট্রাস্ট ও ক্ষমতার নতুন সমীকরণ রতন টাটার প্রয়াণের পর থেকেই টাটা গ্রুপের ক্ষমতার কাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে। রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা বর্তমানে টাটা সন্সের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ‘টাটা ট্রাস্টস’-এর চেয়ারম্যান। রতন টাটার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নতুন প্রশাসনিক নীতি বাস্তবায়ন করছেন। বিশেষ করে, ৭৫ বছরের বেশি বয়সী নমিনি ডিরেক্টরদের কাজের মূল্যায়নের জন্য কঠোর নিয়ম চালু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নোয়েল টাটার এই পদত্যাগের ফলে টাটা গ্রুপের পরবর্তী প্রজন্মের নেতৃত্ব তৈরির প্রক্রিয়া আরও গতি পেল। গ্রুপের মূল কোম্পানিগুলোর শীর্ষপদে নতুন প্রজন্মের যোগ্য নেতাদের স্থান করে দেওয়াই এই পরিবর্তনের মূল লক্ষ্য।