হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চরম সতর্কতা! কিউআর কোড স্ক্যান করার আগে সাবধান

হোয়াটসঅ্যাপ ডেস্কটপ এবং ওয়েব ব্যবহারকারীদের জন্য ভয়াবহ সতর্কবার্তা জারি করল ভারতীয় সাইবার নিরাপত্তা সংস্থা ‘সিইআরটি-আইএন’। হ্যাকাররা বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অত্যন্ত শক্তিশালী ম্যালওয়্যার ছড়িয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করছে। নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, হ্যাকাররা মূলত আগে থেকে হ্যাক করা অ্যাকাউন্টগুলো ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের কাছেই বিপজ্জনক ফাইল পাঠাচ্ছে।
পরিচিত কারোর থেকে মেসেজ বা ফাইল আসার কারণে ব্যবহারকারীরা কোনো সন্দেহ ছাড়াই তা ওপেন করছেন, আর ঠিক এই সুযোগটিই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। একবার এই ফাইল ওপেন করলেই হ্যাকাররা আপনার ডিভাইসের ‘রিমোট অ্যাক্সেস’ বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাচ্ছে। এর ফলে ব্যক্তিগত চ্যাট, ছবি, এবং ব্যাংক অ্যাকাউন্টের মতো স্পর্শকাতর তথ্য মুহূর্তের মধ্যে হাতিয়ে নিতে পারছে তারা। ক্যাস্পারস্কি এবং সিকিউরলিস্ট-এর রিপোর্টেও এই বিপজ্জনক সাইবার হামলার ভয়াবহতা উঠে এসেছে। তাই কোনো অপরিচিত বা সন্দেহজনক ফাইল ডাউনলোড বা ওপেন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সাইবার বিশেষজ্ঞগণ। কোনো লিঙ্কে ক্লিক করার আগে বা ফাইল ডাউনলোডের সময় এখন থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।