স্কুলের অন্দরেই ‘প্রাইভেট টিউশন’ চক্র! যোধপুর পার্ক বয়েজ স্কুলে অভিভাবকদের তুমুল বিক্ষোভ

কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুলের সামনে সোমবার সকাল থেকেই তৈরি হয় চরম উত্তেজনা। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট টিউশন পড়ানোর গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু স্কুল চত্বর নয়, এলাকা জুড়ে তৈরি হয় চাঞ্চল্য।
অভিভাবকদের মূল অভিযোগ, সরকারি নিয়মানুসারে স্কুলের কোনো শিক্ষক প্রাইভেট টিউশন পড়াতে পারেন না। কিন্তু যোধপুর পার্ক বয়েজ স্কুলের ওই শিক্ষক শুধু নিয়ম ভাঙছেন তা-ই নয়, পড়ুয়াদের তাঁর কাছেই টিউশন পড়তে আসার জন্য নিয়মিত চাপ সৃষ্টি করছেন। এই অভিযোগের পাশাপাশি স্কুলের মর্নিং সেকশনের ইনচার্জের বিরুদ্ধেও দুর্ব্যবহারের সুর চড়িয়েছেন অভিভাবকদের একাংশ। এই দুই অভিযোগের প্রেক্ষিতেই এদিন সকালে তারা স্কুল গেটের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন।
কিন্তু পরিস্থিতি জটিল আকার ধারণ করে যখন বিক্ষোভকারী অভিভাবকরাই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। সমস্যার সূত্রপাত হয় যখন স্কুলের কয়েকজন শিক্ষক বিক্ষোভকারী অভিভাবকদের সাথে কথা বলতে এগিয়ে যান। অভিযোগ, সেই সময় অভিভাবকদের একটি অংশ স্কুলের শিক্ষকদের দিকে তেড়ে যান এবং তাঁদের সাথে অসংলগ্ন আচরণ করেন। এই ঘটনাটির তীব্র প্রতিবাদ জানান অভিভাবকদেরই অন্য একটি গোষ্ঠী। তাদের মতে, কোনো শিক্ষকের সাথে এমন আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই দুই গোষ্ঠীর মতপার্থক্যের জেরে স্কুল গেটের সামনেই শুরু হয়ে যায় তুমুল তর্কবিতর্ক ও হাতাহাতি।
বিদ্যালয় চত্বরে এই বিশৃঙ্খল পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় লেক থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা দীর্ঘক্ষণ বিক্ষোভকারী অভিভাবকদের সাথে কথা বলেন এবং স্কুলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আবেদন জানান। আইন-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয় পুলিশবাহিনী।
স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সরকারি নিয়ম লঙ্ঘন ও শিক্ষকদের হেনস্তার এই ঘটনায় এলাকায় বেশ ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, স্কুলের স্বাভাবিক পরিবেশ নিয়ে চিন্তিত সচেতন মহল।