অক্ষয় কুমারের সাথে উদ্দাম নাচ ভোজপুরি নায়িকার! ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর প্রচারে ভাইরাল

আগামীকাল ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত মাল্টিস্টারার ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মুক্তির ঠিক আগেই ছবির প্রচারে মেতে উঠেছেন কলাকুশলীরা। সম্প্রতি উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক বিশেষ প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খিলাড়ি কুমার ও ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং। সেখানে ছবির গান ‘ঘিস ঘিস ঘিস’-এর তালে দুজনকে নাচতে দেখা যায়। এই পারফরম্যান্সের ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই নাচের ভিডিও এবং ছবি শেয়ার করে অক্ষরা সিং উচ্ছ্বসিত হয়ে বলেন, “পর্দায় অক্ষয় স্যারকে দেখে হাততালি দিতাম, আজ তাঁর সাথে মঞ্চ ভাগ করছি!” তিনি অক্ষয় কুমারের শুধু তারকাখ্যাতি নয়, বরং তাঁর সরলতা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন। অভিনেত্রীর দাবি, অক্ষয়ের উপস্থিতির মতোই তাঁর ব্যক্তিত্ব অত্যন্ত অনুপ্রেরণামূলক। অক্ষরা তাঁর এই সাফল্যের জন্য পরিবার ও ভক্তদের ভালোবাসাকেই কৃতিত্ব দিয়েছেন।

উল্লেখ্য, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এক তারকাখচিত ছবি। অক্ষয় কুমার ছাড়াও এই ছবিতে সুনীল শেট্টি, দিশা পাটানি, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশাদ ওয়ার্সি, জনি লিভার এবং রাজপাল যাদবসহ বহু নামী তারকাকে দেখা যাবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ২৬ জুন ছবিটি মুক্তি পাচ্ছে, যা বক্স অফিসে বড় চমক দেবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।