পদ্মভূষণ নিতে গিয়ে টলমল পা, গায়িকা অলকা ইয়াগনিকের শারীরিক অবস্থা নিয়ে শোরগোল!

রাষ্ট্রপতি ভবনের পদ্ম সম্মাননা প্রদান অনুষ্ঠান। চারদিকে আলোকসজ্জা আর দেশের কৃতি সন্তানদের জয়জয়কার। কিন্তু সেই মহতী অনুষ্ঠানে জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিককে পদ্মভূষণ সম্মানে ভূষিত করার মুহূর্তটি ঘিরে তৈরি হলো গভীর উদ্বেগ। মঞ্চে উঠে সম্মান গ্রহণের পর ফেরার পথে নিরাপত্তারক্ষীদের সাহায্যের ওপর অলকাকে নির্ভরশীল হতে দেখা যায়। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা জল্পনা। গায়িকার কি তবে শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি শোচনীয়? অনেকের মনেই প্রশ্ন জাগে, তবে কি শ্রবণশক্তি হারানোর সেই পুরনো সমস্যাই তাঁকে কাবু করে ফেলেছে?
অবশেষে অনুরাগীদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অলকা নিজেই। গায়িকা জানালেন, গত দু’বছর ধরে তিনি এক অত্যন্ত কঠিন স্বাস্থ্যসংকটের মুখোমুখি হয়েছেন। তিনি লিখেছেন, “গত দু’বছর ধরে আমি জনসমক্ষে খুব একটা আসিনি। শারীরিক সমস্যার কারণেই নিজেকে আড়ালে রেখেছিলাম এবং ব্যক্তিগত এই লড়াই নিয়ে এতদিন প্রকাশ্যে খুব বেশি কথা বলিনি। আমি জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।”
এই কঠিন সময়ে অনুরাগীদের অগাধ ভালোবাসা এবং প্রার্থনাই যে তাঁর বেঁচে থাকার অক্সিজেন, তা অকপটে স্বীকার করেছেন তিনি। পদ্মভূষণ সম্মানকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে অলকা জানান, এই স্বীকৃতি শুধু তাঁর একার নয়। তিনি বলেন, “এই পুরস্কারে হয়তো আমার নাম রয়েছে, কিন্তু এর প্রকৃত অংশীদার আমার শ্রোতারাই। তাঁদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই সুরের যাত্রা কখনোই সম্ভব হতো না।”
স্মরণ করা যেতে পারে, ২০২৪ সালে অলকা নিজেই জানিয়েছিলেন, একটি বিমানযাত্রার পর হঠাৎই তিনি কানে শোনার ক্ষমতা হারিয়ে ফেলেন। চিকিৎসকদের পরামর্শে জানা যায়, তিনি এক বিরল স্নায়ুজনিত সমস্যার (Rare Sensory Neural Nerve Hearing Loss) শিকার হয়েছেন। এই রোগের কারণেই তিনি দীর্ঘদিন মঞ্চ ও রেকর্ডিংয়ের জগত থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন।
শারীরিক লড়াইয়ের মধ্যেও দেশের অন্যতম শ্রেষ্ঠ নাগরিক সম্মান গ্রহণ করে অলকা ইয়াগনিক অনুরাগীদের সামনে নতুন করে সাহসের বার্তা দিলেন। তাঁর কথাতেই স্পষ্ট, লড়াই এখনও শেষ হয়নি, কিন্তু তিনি আশাবাদী। চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং ভক্তদের দোয়ায় তিনি আবারও ফিরে আসতে চান সুরের জগতে। অলকার এই সততা ও অদম্য জেদ প্রমাণ করে, শিল্পী যখন জীবনের চরম সংকটেও হার মানেন না, তখন সেই সাহসই তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। পদ্মভূষণ প্রাপ্তি অলকা ইয়াগনিকের সংগীতজীবনের এক অবিস্মরণীয় মাইলফলক হয়ে রইল।