বলিউডের সুরের জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম প্রীতম চক্রবর্তী। ‘ধুম’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘লাভ আজ কাল’-এর মতো অজস্র কালজয়ী সুরের স্রষ্টা এই সঙ্গীত পরিচালক গত ১৪ জুন তাঁর ৫৫তম জন্মদিন পালন করেছেন। তবে জন্মদিন উদযাপনের চেয়েও এখন সোশ্যাল মিডিয়ায় বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁর শেয়ার করা একটি ক্রিপ্টিক বা ইঙ্গিতপূর্ণ পোস্ট। অরিজিৎ সিংয়ের পর এবার কি তবে মূলধারার বলিউড সঙ্গীত থেকে বিদায় নিচ্ছেন প্রীতম? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সঙ্গীতপ্রেমীদের মনে।
নিজের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু সাদাকালো ছবি পোস্ট করেছেন প্রীতম। শুভেচ্ছার বন্যায় সিক্ত হয়ে তিনি লিখেছেন, “সকলকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। সবার বার্তার আলাদা করে উত্তর দেওয়া সম্ভব নয়, তবে দয়া করে আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করবেন।” কৃতজ্ঞতা প্রকাশের পরই তিনি যোগ করেছেন সেই রহস্যময় অংশটুকু, যা শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়।
তিনি লিখেছেন, “আজ আমি নিজেকে এমন কয়েকটা বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যখন জীবনটাকে অন্যভাবে কাটাব। এতদিন যা যা মিস করেছি, তা পুষিয়ে নেব।” প্রীতম আরও জানান, এবার সময় এসেছে নতুন সব যাত্রায় পা বাড়ানোর, যেসব পরিকল্পনা এতদিন মুলতবি ছিল। তিনি লেখেন, “মূলধারার সঙ্গীতজগৎ নিঃসন্দেহে দারুণ এক অভিজ্ঞতা। কিন্তু অজানা পথের প্রতি আমার কৌতূহল বরাবরই বেশি।” এই পোস্টটি প্রকাশ্যে আসার পরই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে— তবে কি পাকাপাকিভাবে অভিনয় জগত বা মূলধারার সিনেমা সঙ্গীত থেকে বিরতি নিচ্ছেন তিনি?
নেটপাড়ায় এই পোস্টটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। উদ্বেগ প্রকাশ করে এক অনুরাগী লিখেছেন, “প্রথমে অরিজিৎ, আর এবার আপনি! বলিউড সঙ্গীত থেকে বিরতি নিলে তা বিশাল শূন্যতা তৈরি করবে।” অন্য একজন সরাসরি প্রশ্ন করেছেন, “প্রীতম দা, আপনি কি অবসর নিচ্ছেন? দয়া করে এমনটা করবেন না।” সোশ্যাল মিডিয়ার মন্তব্য বাক্স যেন প্রশ্নবাণে জর্জরিত। কেউ বলছেন এটা সাময়িক বিরতি, আবার কেউবা দেখছেন অবসরের পূর্বাভাস।
দীর্ঘদিন ধরে বলিউডের সঙ্গীতের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা প্রীতম ব্যক্তিগত জীবন এবং নতুন প্রকল্পের জন্য এই বিরতি নিচ্ছেন কি না, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তাঁর এই পোস্ট যে অনুরাগীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয়, নিজের ‘নতুন যাত্রা’ নিয়ে প্রীতম ভবিষ্যতে কী পদক্ষেপ নেন।





