“এক ছাদের তলায় ৫৫টি পরিষেবা”-‘দুয়ারে সরকার’-এর আদলে সরকারের নয়া উদ্যোগ

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে এক নতুন ও বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আগের সরকারের জনপ্রিয় ‘দুয়ারে সরকার’-এর ধাঁচেই এবার রাজ্যে শুরু হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’। নবান্ন সূত্রে খবর, আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন—এই তিনদিন রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত হবে এই বিশেষ শিবির।
এক শিবির, ৫৫ পরিষেবা: প্রশাসনিক সূত্রে খবর, নতুন সরকারের এটিই প্রথম বড় জনসংযোগ কর্মসূচি। তিন দিনের এই শিবিরে সাধারণ মানুষ এক জায়গা থেকেই সরকারের প্রায় ৫৫ ধরনের পরিষেবা এবং বিভিন্ন প্রকল্পের সরাসরি সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ ও সমস্যা তৈরি হয়েছিল, এই শিবির তার সমাধান করবে বলে আশা করা হচ্ছে।
শিবিরে কী কী সুবিধা মিলবে? রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ জনকল্যাণমূলক প্রকল্পগুলির সহায়তা এই শিবির থেকে পাওয়া যাবে। যার মধ্যে উল্লেখযোগ্য:
প্রকল্পের আবেদন: অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং পিএম কিষান যোজনার মতো প্রকল্পে নতুন আবেদন বা নাম নথিভুক্তকরণ।
নথি সংশোধন: আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য সরকারি নথিতে ভুল সংশোধনের প্রক্রিয়া।
অভিযোগ নিষ্পত্তি: দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি আবেদনের নিষ্পত্তি বা পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ।
কেন এই উদ্যোগ? অনেক সময় তথ্যের অভাব বা সরকারি প্রক্রিয়ার জটিলতায় যোগ্য ব্যক্তিরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন। এই সমস্যা দূর করতেই সরকার এই ‘মেগা আউটরিচ’ কর্মসূচির আয়োজন করেছে। জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যেই এই শিবির সফল করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।