আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১৯ জুন মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘অভিমান’। এই সিনেমায় টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রথমবার দেখা যাবে এক রকস্টারের চরিত্রে। তাঁর এই নতুন লুক নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় জোর চর্চা চলছে। তবে ছবির মুক্তির ঠিক আগেই প্রসেনজিৎ পেলেন এক বিশেষ ও মূল্যবান উপহার, যা তাঁর মন ছুঁয়ে গিয়েছে। আর এই উপহারটি দিয়েছেন স্বয়ং তাঁর বাবা, বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎ সোশ্যাল মিডিয়ায় বাবার আঁকা একটি স্কেচের ছবি শেয়ার করেছেন। সেখানে পেন্সিলের টানে ফুটিয়ে তোলা হয়েছে ‘অভিমান’ ছবিতে প্রসেনজিতের সেই রকস্টার লুকটি। ছবির নিচে তারিখ ও শিল্পী হিসেবে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। ছেলে অভিনয় জগতে প্রতিষ্ঠিত হলেও, বাবার হাতে আঁকা নিজের এই প্রতিকৃতি দেখে প্রসেনজিৎ আপ্লুত। তিনি জানিয়েছেন, টিজার দেখে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রথমে তাঁকে চিনতেই পারেননি। একজন অভিনেতার কাছে নিজের বাবার থেকে এমন স্বীকৃতি পাওয়ার চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!
উপহারের ছবিটি পোস্ট করে প্রসেনজিৎ এক আবেগঘন বার্তায় লেখেন, “বাপির আঁকা এই ছবিটা আমার অভিনীত একটি চরিত্রের প্রতিচ্ছবি শুধু নয়, এর মধ্যে লুকিয়ে আছে একজন বাবার চোখে তার ছেলেকে নতুন করে আবিষ্কার করার গল্প। অভিমান-এর টিজার দেখে বাপি বলেছিলেন, তোকে চিনতেই পারিনি। একজন অভিনেতার কাছে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে, যখন তার নিজের বাবাও তার অভিনয়ে এক নতুন মানুষকে খুঁজে পান।” তিনি আরও যোগ করেন, “বাপির তুলির আঁচড়ে, তাঁর অনুভূতিতে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। আমার কাজ তাঁর হৃদয় ছুঁয়েছে, এই ভালোবাসা, আশীর্বাদ আর বিশ্বাস আমার কাছে অমূল্য।”
‘অভিমান’ ছবির চরিত্র প্রসঙ্গে প্রসেনজিৎ আগে জানিয়েছিলেন যে, এই আধুনিক রকস্টারের চরিত্রে অভিনয় করার জন্য তিনি দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন। বডি ল্যাঙ্গুয়েজ এবং এনার্জি লেভেলের ওপর তিনি বিশেষভাবে কাজ করেছেন। অভিনেতা জানিয়েছেন, স্টেজে রকস্টারের এনার্জি লেভেল কেমন হওয়া উচিত, তা রপ্ত করতে তিনি রূপম ইসলামের মঞ্চ পারফরম্যান্সকেও অনুসরণ করেছেন। ছবির প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’-এর কর্ণধার সৌরভ দাস এবং যিশু সেনগুপ্ত। এই ছবির মাধ্যমে ফের পর্দায় ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক-অভিনেত্রী জুটি। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ, শুভশ্রী এবং যিশু ছাড়াও ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, অনন্যা ব্যানার্জি ও অরিজিতা মুখার্জির মতো তারকারা। ১৯ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘অভিমান’।





